নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, শেরপুর-৩ আসন ছাড়া দেশের বাকি ২৯৯টি আসনে ইতোমধ্যে ব্যালট পেপারসহ সব নির্বাচন উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে। রোববার (আজ) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের একটি হলরুমে তথ্য অধিদফতরের উদ্যোগে বিদেশি সাংবাদিকদের জন্য আয়োজিত ‘মিডিয়া সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, “দেশের ২৯৯টি আসনের সব ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচন উপকরণ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে গেছে। সেখান থেকে পর্যায়ক্রমে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে নির্ধারিত কেন্দ্রে পাঠানো হচ্ছে। এর অর্থ হলো, ভোটগ্রহণের মূল প্রস্তুতি সম্পন্ন হয়েছে—যে প্রস্তুতির জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করছিলাম।”
তিনি আরও বলেন, “আগামী ১২ তারিখ সকালে ভোট প্রদান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটি যুগান্তকারী সন্ধিক্ষণে প্রবেশ করব। এটি আমাদের দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের শুভ সূচনা হবে। এই পথটি সহজ বা মসৃণ ছিল না; নানা বাধা ও চ্যালেঞ্জ অতিক্রম করে আমরা আজ এই পর্যায়ে পৌঁছেছি।”
ভোট গণনা প্রসঙ্গে ইসি সচিব জানান, ভোটগ্রহণ শেষ হবে ১২ তারিখ বিকেল সাড়ে ৪টায়। এরপর কেন্দ্রভিত্তিক ফলাফল প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে। সেখান থেকে রিটার্নিং কর্মকর্তা ফলাফল সংকলন করে নির্বাচন কমিশনে প্রেরণ করবেন। কমিশন পর্যায়ক্রমে এসব ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।
তিনি বলেন, “এবারই প্রথমবারের মতো পোস্টাল ব্যালট ব্যবস্থার কারণে রিটার্নিং কর্মকর্তার দফতরে আলাদা একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। পোস্টাল ব্যালট গণনায় কাঠামোগত প্রক্রিয়া ও যাচাই-বাছাইয়ের প্রয়োজন থাকায় এসব কেন্দ্রের ফলাফল পেতে তুলনামূলকভাবে কিছুটা সময় বেশি লাগতে পারে। তবে কোনো অবস্থাতেই ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত করা হবে না।” ইসি সচিব আশ্বস্ত করে বলেন, নির্বাচন কমিশন নিয়মিতভাবে গণমাধ্যমকে তথ্য সরবরাহ করবে এবং প্রয়োজন অনুযায়ী তথ্যের ব্যাখ্যাও প্রদান করবে।
এ সময় অপতথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সাংবাদিকদের কাছে আমাদের অনুরোধ—বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। সত্য যতই নির্মম ও কঠিন হোক না কেন, আমরা সেটাই বলব। সত্যের সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119