তাহের তারেক
সাভার, ঢাকা প্রতিনিধি
ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত চিফ হুইপ ও হুইপরা। আজ রোববার (৮ মার্চ) সকালে জাতীয় সংসদের নবনির্বাচিত চিফ হুইপ নুরুল ইসলাম-এর নেতৃত্বে হুইপদের একটি প্রতিনিধি দল স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর শহিদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে চিফ হুইপ ও উপস্থিত হুইপরা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, রফিকুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং এ বি এম আশরাফ উদ্দিন নিজানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, বর্তমান জাতীয় সংসদ হবে একটি প্রাণবন্ত ও কার্যকর সংসদ। এখানে বিরোধী দলকে সকল বিষয়ে কথা বলার পূর্ণ সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, “এই সরকার জনগণের সরকার। স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে জাতীয় সংসদে।”

এ সময় সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের এই সফরের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও জাতির প্রতি তাদের আত্মত্যাগের কথা পুনরায় স্মরণ করা হয়।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119