“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

রহস্যময় আবহে আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, প্রকাশ পেল ‘ফার্স্ট হুইসেল’

বিনোদন প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। তার নির্মিত নতুন চলচ্চিত্র প্রেশার কুকার-এর প্রায় দেড় মিনিটের একটি ঝলক সম্প্রতি প্রকাশ করা হয়েছে, যাকে নির্মাতা টিজার না বলে ‘ফার্স্ট হুইসেল’ নামে আখ্যা দিয়েছেন। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় সামাজিকমাধ্যমে ভিডিওটি প্রকাশ করে রায়হান রাফী লেখেন, “বাংলা সিনেমার নতুন জগতে স্বাগতম। রায়হান রাফীর প্রেশার কুকার। নীরব চাপে জমছে এক বিস্ফোরণ—ঢাকনা উঠলেই বের হবে সেই হুইসেল।” তিনি আরও বলেন, “প্রেশার ঠিক আছে তো? কারণ এই কুকারে রান্না হচ্ছে ভয়ংকর কিছু।” নির্মাতার এমন রহস্যময় বার্তা সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির গল্প এগিয়েছে চার নারী চরিত্রকে কেন্দ্র করে। এতে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী এবং মারিয়া শান্ত। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম এবং সাবেরী আলম।

প্রকাশিত ‘ফার্স্ট হুইসেল’-এ চার নারী চরিত্রের জীবনের টানাপোড়েন ও রহস্যের আভাস মিলেছে। পুরো ভিডিও জুড়ে শোনা গেছে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী-এর কণ্ঠ। সংলাপের ফাঁকে তাকে “মৌমাছি, মৌমাছি / কোথা যাও নাচি নাচি / দাঁড়াও না একবার ভাই” কবিতার লাইন আবৃত্তি করতে শোনা যায়, যা ভিডিওটির আবহকে আরও রহস্যময় করে তুলেছে।

নির্মাতা রায়হান রাফীর ভাষ্য অনুযায়ী, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার মধ্য দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন জীবনের গল্প তুলে ধরা হবে সিনেমাটিতে। তার কথায়, “এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য এক ধরনের প্রেশার কুকার। চাপ যখন সীমা ছাড়িয়ে যায়, তখনই সিটি বেজে ওঠে।”

উল্লেখ্য, এর আগে রায়হান রাফী নির্মিত পোড়ামন ২, পরাণ, দামাল, সুড়ঙ্গ, তুফানতাণ্ডব সিনেমাগুলো দর্শকদের মধ্যে ব্যাপক আলোচিত হয়েছে। এবার ঈদে নতুন গল্প ও রহস্যময় আবহ নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন এই নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *