“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

বিজয়নগরে র‍্যাবের অভিযানে ৭ হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

এন. নাজনীন
নাসিরনগর সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় দুইজন সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৭ হাজার ৬৮০ পিস বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে র‍্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এর একটি বিশেষ দল বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি দোচালা টিনের ঘর ঘিরে তল্লাশি শুরু করলে সেখানে অবস্থানরত দুই ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় র‍্যাব সদস্যরা দ্রুত ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হন।

আটক ব্যক্তিরা হলেন বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকার তারা মোল্লার ছেলে মো. জুবাঈদ (২১) এবং একই উপজেলার নিদারাবাদ এলাকার মো. বিল্লাল মিয়ার ছেলে মো. আবেদ মিয়া (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই টিনের ঘরের ভেতরে তল্লাশি চালানো হয়। পরে একটি কালো পলিথিনের ভেতরে লুকিয়ে রাখা ৩৯টি বায়ুরোধক জিপার প্যাকেট থেকে মোট ৭ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

র‍্যাব কর্মকর্তারা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয়ভাবে বিক্রি করতেন বলেও জানা গেছে। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাসহ তাদের বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক নির্মূলে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় বাসিন্দারাও এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের আরও তৎপরতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *