
জুয়েল হোসেন
সারাদেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি দুর্ভিক্ষপীড়িত দেশকে শস্য-শ্যামল বাংলাদেশে পরিণত করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সোমবার (১৬ মার্চ) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, “নওগাঁ ধানের জন্য বিখ্যাত। আমাদের খাদ্যের যে বিপুল চাহিদা রয়েছে, তা আমাদেরকেই পূরণ করতে হবে।” সেই লক্ষ্য বাস্তবায়নে নওগাঁসহ সারাদেশের সকল নদী-নালা ও খাল পুনঃখননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা হবে এবং কৃষিকে আরও সমৃদ্ধ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

নিয়ামতপুর উপজেলার বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১২০০ মিটার দীর্ঘ ‘বিললতা খাল’ খনন কাজের উদ্বোধন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু এবং নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
এছাড়া নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. ইনামুল কবিরসহ জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের দেশজুড়ে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই উপ-প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ লাখ ১০ হাজার টাকা।
সংশ্লিষ্টরা জানান, বিললতা খালটির খননকাজ সম্পন্ন হলে এলাকার অন্তত ১০৫টি পরিবার সরাসরি উপকৃত হবে। পাশাপাশি ওই এলাকার প্রায় ৫৭৫ হেক্টর কৃষিজমিতে সেচ সুবিধা সম্প্রসারিত হবে, যা স্থানীয় কৃষি উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।সারাদেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি দুর্ভিক্ষপীড়িত দেশকে শস্য-শ্যামল বাংলাদেশে পরিণত করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
সম্পাদক ও প্রকাশক: এ কে এম মাহফুজুর রহমান
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/