“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

ডিবিসি নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যা’ দাবি করে হকার্স সমবায়ের সংবাদ সম্মেলন

জুনায়েদ কামাল

নোয়াখালীর জাতীয় হকার্স সমবায় সমিতির সভাপতি হাজী আবুল কাশেমের বিরুদ্ধে জমি দখল করে বহুতল ভবন নির্মাণ সংক্রান্ত একটি সংবাদকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সমিতির নেতারা।

শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে জাতীয় হকার্স সমবায় সমিতির সভাকক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি হাজী আবুল কাশেম অভিযোগ করেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ তার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে। তিনি এ ঘটনাকে রাজনৈতিক হয়রানি বলে উল্লেখ করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানান।

তিনি বলেন, “আমার বিরুদ্ধে জমি দখল বা চাঁদাবাজির কোনো মামলা নেই। রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকের মতো আমার বিরুদ্ধেও মামলা হয়েছে। কিন্তু এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করে আমাকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে।”

হাজী আবুল কাশেম আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের মালিকপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তিনি বলেন, “যদি জমি সংক্রান্ত কোনো বিরোধ থাকে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়ার কথা। কিন্তু তা না করে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউছুফ বলেন, “সমিতির সকল কার্যক্রম সদস্যদের সম্মতিক্রমে পরিচালিত হয়। কোনো স্থাপনা নির্মাণ বা সংস্কারের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হয়। এককভাবে কাউকে দায়ী করে সংবাদ প্রকাশ করা অনুচিত।”

হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, “আমরা এখানে কোনো চাঁদা দিয়ে ব্যবসা করি না এবং কেউ আমাদের কাছ থেকে চাঁদা নেয় না। বরং হাজী আবুল কাশেম কিছুদিন বাইরে থাকার সময় কিছু অসামাজিক কার্যকলাপ বেড়েছিল, যা তিনি ফিরে আসার পর বন্ধ হয়েছে। বর্তমানে আমরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করছি।”

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

সহ-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রাসেল বলেন, “আমার দোকানের সামনে রাতে একটি ট্রাক বালু ফেলে রাখা হয়েছিল। বিষয়টি সভাপতিকে জানালে তা দ্রুত সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন দুলাল, সদস্য কাজী মাওলানা আব্দুল আলী, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন সেন্টুসহ সমিতির অন্যান্য সদস্য ও ব্যবসায়ীরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *