
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে শরিফের বিয়েকে স্মরণীয় করে তুললেন এক বাবা। দীর্ঘ ২০ বছরের লালিত স্বপ্ন পূরণ করে তিনি হেলিকপ্টারে করে ঘরে আনলেন ছেলের বউ,যা ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ২৪ মার্চ-২০২৬ বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের জসিহাটি গ্রামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়,জসিহাটি গ্রামের বাসিন্দা মো: ইউসুফ আলী সরকার বহুদিন ধরে স্বপ্ন দেখছিলেন তার মেজো ছেলের বউকে হেলিকপ্টারে করে বাড়িতে আনবেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই বিয়ের দিন বিশেষ এই ব্যবস্থার আয়োজন করেন তিনি।
নির্ধারিত সময়ে হেলিকপ্টারটি কনের বাড়ি থেকে নববধূকে নিয়ে জসিহাটি গ্রামের নির্ধারিত মাঠে অবতরণ করে। হেলিকপ্টারের শব্দ শোনামাত্রই আশপাশের গ্রাম থেকে মানুষ ছুটে আসে ঘটনাস্থলে। শিশু,কিশোর ও বয়স্কসহ শত শত উৎসুক মানুষ ভিড় করেন এই বিরল দৃশ্য দেখার জন্য। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন,যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শরিফের বাবা মো:ইউসুফ আলী সরকার আবেগাপ্লুত কণ্ঠে বলেন,“আমি প্রায় ২০ বছর ধরে এই স্বপ্ন বুকে লালন করে আসছি। মহান আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতাম,যেন আমার এই ইচ্ছা পূরণ হয়। আজ আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছেন।
আমি তাঁর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি।”স্থানীয়রা জানান,গ্রামাঞ্চলে এমন ব্যতিক্রমী আয়োজন খুবই বিরল। হেলিকপ্টারে বউ আনার ঘটনাটি এলাকাবাসীর কাছে এক আনন্দঘন ও স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এদিকে,এমন আয়োজনকে ঘিরে নবদম্পতি ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। শরিফের বাবার দীর্ঘদিনের স্বপ্নপূরণের এই গল্প এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ কে এম মাহফুজুর রহমান
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/