
জালাল উদ্দিন
মাদারীপুরের শিবচরে হারানো প্রেমকে ফিরে পেতে এক যুবকের আত্মহত্যার হুমকির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা অবস্থানের পর ফায়ার সার্ভিস ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
মাদারীপুর জেলার শিবচর পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদার (২২) তার প্রেমিকার সাথে সম্পর্কের বিচ্ছেদ মেনে নিতে পারছিলেন না। গত রোববার (৩ মে) রাতে প্রেমিকার সাথে পুনরায় সম্পর্ক স্থাপনের দাবি নিয়ে তিনি শিবচরের শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ির পাশে অবস্থিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক টাওয়ারে চড়ে বসেন।
হাসান টাওয়ারের চূড়ায় উঠে ফোনে তার প্রেমিকাকে জানান, সম্পর্ক আগের মতো না টিকিয়ে রাখলে এবং প্রেমিকা টাওয়ারের নিচে না আসলে তিনি সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে হাসানের এক বন্ধু প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তিনি পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে খবর দেন।

খবর পেয়ে শিবচর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন কৌশলে ফোনে হাসানের সাথে কথা বলা শুরু করেন।
নিচে নামার পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে হাসানকে পুলিশি পাহারায় শিবচর থানায় নিয়ে যাওয়া হয়। শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, দীর্ঘ আলোচনার পর তারা হাসানকে বুঝিয়ে নামাতে সক্ষম হন। পরবর্তীকালে পুলিশ তাকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
বিশেষ দ্রষ্টব্য: বিষণ্ণতা বা জীবনের যেকোনো কঠিন সময়ে আত্মহত্যার পথ বেছে না নিয়ে বিশেষজ্ঞ বা নিকটস্থ সাহায্যকারী কেন্দ্রের সাথে কথা বলুন। আপনার জীবন অত্যন্ত মূল্যবান।
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/