
স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী মোহাম্মদপুরে বিশাল দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।আজ ৩০ মে (২০২৬) মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও মোহাম্মদপুর জোনের টিম প্রধান হাজী মোহাম্মদ ইউসুফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বস্ত্র বিতরণের পূর্বে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সাথে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত শেষে প্রধান অতিথি জনাব তারেক রহমান অন্যান্য আমন্ত্রিত নেতৃবৃন্দকে সাথে নিয়ে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন। সভাপতির বক্তব্যে হাজী মোহাম্মদ ইউসুফ বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের দূরদর্শী স্থপতি। সংকটে ও সংগ্রামে তাঁর আদর্শই আমাদের পথ দেখায়। আজ আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত হয়ে দেশনায়ক তারেক রহমান ঢাকা-১৩ আসনবাসীকে ধন্য করেছেন এবং নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন।"
তিনি আরও বলেন, "দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ স্বৈরাচারমুক্ত হয়ে সুশাসন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মী অতীতেও সাধারণ মানুষের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে জনগণের সেবায় নিয়োজিত থাকবে। আমরা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এই জনপদের প্রতিটি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।"
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং মোহাম্মদপুরের সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শহীদ জিয়ার স্মৃতি ও আদর্শকে স্মরণ করে আজ দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ১৬টি নির্ধারিত স্পটে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/