
ঢাকা২৪ ডেস্ক
ইসলামী ব্যাংক বাংলাদেশের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগ দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে।
সোমবার (১ জুন) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং কিছু সময়ের জন্য স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। সকালে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা ব্যানার-ফেস্টুন নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। তারা নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং পরে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ বলপ্রয়োগ করেছে। আন্দোলনকারীদের দাবি, নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম এস আলম গ্রুপের ঘনিষ্ঠ ব্যক্তি। তার নিয়োগের ফলে ব্যাংকে আবারও অনিয়ম ও আর্থিক দুর্নীতির আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে, পুলিশের দাবি ভিন্ন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বলেন, কয়েকশ মানুষ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও করে রাখায় মতিঝিলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় যানজট ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। তাদের বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তারা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আইনানুগ ব্যবস্থা হিসেবে জলকামান, সাউন্ড গ্রেনেডসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এ ঘটনায় পুলিশের এক সহকারী কমিশনারসহ অন্তত ১০ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। ঘটনার পর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর সাবেক বাংলাদেশ ব্যাংক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকের একাংশের গ্রাহক ও আমানতকারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিক্ষোভকারীদের দাবি, ব্যাংকের সুশাসন ও গ্রাহকদের আস্থা রক্ষায় নতুন চেয়ারম্যানের নিয়োগ পুনর্বিবেচনা করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিতে পারেন বলেও জানিয়েছেন।
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/