

মুন্সীগঞ্জ সংবাদদাতা
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার চাঠাতিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ও ছেলের হামলায় জরিপ সেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ইউসুফ সেখ ও তার ছেলে পলাশকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্ত্রী ফাতেমা বেগম দুধ কিনতে প্রতিবেশী ইদ্রিস সেখের বাড়িতে গেলে সেখানে জানতে পারেন, গরুর গোবর ইউসুফ সেখের উঠানে যাওয়াকে কেন্দ্র করে ইউসুফ ইদ্রিসকে গালিগালাজ করেছেন। বিষয়টি নিয়ে ফাতেমা বেগম ইউসুফ সেখ ও তার ছেলে পলাশকে ইদ্রিসকে বকাঝকা না করার অনুরোধ করলে পলাশ ক্ষিপ্ত হয়ে তাকে ইট দিয়ে আঘাত করেন। এতে তিনি আহত হন।
বাড়ি ফিরে ঘটনাটি স্বামী জরিপ সেখকে জানালে তিনি স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে সঙ্গে নিয়ে ইউসুফ সেখের বাড়িতে যান এবং ফাতেমা বেগমকে মারধরের কারণ জানতে চান। এ সময় ইউসুফ সেখ ও পলাশ দা, বঁটি ও কুড়াল নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলার একপর্যায়ে ইউসুফ সেখ কুড়াল দিয়ে জরিপ সেখের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত ইউসুফ সেখ ও তার ছেলে পলাশকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয় পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী জানান, আহত ফাতেমা বেগমের অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে জরিপ সেখের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি মারা যান। টংগিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওসমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/