
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
তরুণ প্রজন্মকে মোবাইল গেম, সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মেহেরপুরের গাংনী উপজেলায় তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ।
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ফুটবল দল ও ক্লাবের খেলোয়াড়দের মাঝে পর্যায়ক্রমে ফুটবল বিতরণ করা হবে। পাশাপাশি তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা, সুস্থ বিনোদন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার রামনগর ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী মো. সবুজ খান।
তিনি বলেন, “বর্তমান সময়ে তরুণদের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, বরং নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ ও দায়িত্বশীলতা তৈরি করে। একজন সফল ক্রীড়াবিদ অনেক সময় সমাজে ব্যাপক জনপ্রিয়তা ও সম্মান অর্জন করেন। জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী তার উজ্জ্বল উদাহরণ। তাই তরুণদের এখন থেকেই নিজেদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে।”
ফুটবল পেয়ে রামনগর ফুটবল একাদশের অধিনায়ক দিহান আনন্দ প্রকাশ করে বলেন, “আমরা প্রতিদিন বিকেলে খেলাধুলা করি। নতুন ফুটবল পাওয়ায় আমাদের উৎসাহ আরও বেড়েছে। এখন নিয়মিত অনুশীলনের সুযোগও বাড়বে।” কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার (৫ জুন) পশ্চিম মালসাদহ (৫ নম্বর ওয়ার্ড) ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝেও একটি ফুটবল বিতরণ করা হয়। ফুটবল গ্রহণ করে ক্লাবের অধিনায়ক রাব্বি বলেন, “এই উপহার আমাদের জন্য বড় অনুপ্রেরণা। এটি আমাদের আরও মনোযোগী ও দায়িত্বশীল হয়ে খেলাধুলা করতে উৎসাহ দেবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন শিহাব। তিনি বলেন, “মাদক ও অনলাইন গেমিংয়ের সবচেয়ে কার্যকর প্রতিষেধক হলো খেলাধুলা। একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে মাঠমুখী তরুণ প্রজন্মের কোনো বিকল্প নেই। খেলাধুলা যেমন শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে, তেমনি এটি একটি সম্ভাবনাময় পেশাও হতে পারে।
আমাদের জেলার গর্ব ইমরুল কায়েস তার সফল ক্যারিয়ারের মাধ্যমে সেই সম্ভাবনারই প্রমাণ রেখেছেন।” তিনি আরও বলেন, “তরুণদের এখনই ঠিক করতে হবে তারা কোন পথে নিজেদের ভবিষ্যৎ গড়তে চায়। সময়ের সঠিক ব্যবহার ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে খেলাধুলাও হতে পারে সফল জীবনের অন্যতম ভিত্তি।” অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার উপদেষ্টা পারভেজ সাজ্জাদ, সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার এবং কার্যনির্বাহী সদস্য জায়েদ কবির, ইয়াসিন হাবিব ও ওয়াহিদুজ্জামান স্বপ্নীল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ বনি। তিনি বলেন, “এই তিন মাসব্যাপী কর্মসূচির লক্ষ্য শুধু ফুটবল বিতরণ নয়; বরং তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারায় অভ্যস্ত করে তোলা। বিশ্বকাপের সময় সাময়িক উন্মাদনা নয়, বরং নিয়মিত অনুশীলন ও পরিকল্পনার মাধ্যমে ফুটবলকে ক্যারিয়ার হিসেবেও ভাবতে হবে। খেলাধুলা কর্মসংস্থান ও সাফল্যের একটি বড় ক্ষেত্র হয়ে উঠতে পারে।”
স্থানীয়দের মতে, খেলাধুলার সরঞ্জামের অভাব ও পর্যাপ্ত উৎসাহের সংকটে অনেক প্রতিভাবান কিশোর-তরুণ মাঠ থেকে দূরে সরে যাচ্ছে। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ তাদের নতুন করে মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের সুস্থ বিকাশ এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন বলেও মনে করেন তারা।
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/