
শিমুল রেজা
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
টানা ভারী বৃষ্টিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ মহল্লা জলমগ্ন হয়ে পড়েছে। বসতবাড়ি, সড়ক ও অলিগলিতে পানি জমে বহু পরিবার পানিবন্দী হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট, শৌচাগার ব্যবহারে প্রতিবন্ধকতা এবং রান্নাবান্নায় মারাত্মক সমস্যা।

গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা প্রায় ৬ ঘণ্টার ভারী বর্ষণে অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ে। এতে রান্নাঘর ও শৌচাগার পানির নিচে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে ওঠে। নিচু এলাকার অনেক বাসিন্দা নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।
এ অবস্থায় শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে জলাবদ্ধ ভিমরুল্লাহ মহল্লা পরিদর্শন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। তিনি পানিবন্দী অসহায় মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী ও খাবার বিতরণ করেন।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৩টা ৪০ মিনিট থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গায় ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অল্প সময়ে অতিবৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে ভিমরুল্লাহ মহল্লা, নিচু আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি জমে জনজীবন স্থবির হয়ে পড়ে।
এসময় শরীফুজ্জামান শরীফ বলেন, “দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।” তিনি আরও জানান, দেশের চলমান দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তা জোরদারের দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রতি বছর অল্প সময়ের ভারী বৃষ্টিতেই একই ধরনের দুর্ভোগ সৃষ্টি হওয়ায় এর স্থায়ী সমাধান এখন জরুরি হয়ে পড়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/