
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে ২ বছর ১ মাস বয়সী শিশু মোঃ রোহানের পানিতে ডুবে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই মাস পর আদালতে দায়ের করা হত্যা মামলাকে 'মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত' দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৬ ইং তারিখে চর ফলকন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ আব্বাসের শিশু পুত্র মোঃ রোহান পানিতে পড়ে মারা যায়। ঘটনার পর শিশুর পরিবার কমলনগর থানায় উপস্থিত হয়ে লিখিত মুচলেকা দিয়ে জানায় যে, এ বিষয়ে কারও প্রতি কোনো অভিযোগ নেই এবং শিশুটি পানিতে পড়ে মারা গেছে।
তবে ঘটনার দুই মাস পর, গত ১ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে শিশুর বাবা মোঃ আব্বাস সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী (কমলনগর) আদালতে একই এলাকার জান্নাত বেগম (৫০), মোঃ জামাল (৫৫), মোঃ নিহাদ (১১) ও মোঃ জিহাদ (১৮)-সহ চারজনের বিরুদ্ধে গলা টিপে হত্যার অভিযোগ এনে একটি সি.আর মামলা (নং- সি.আর/২০২৬) দায়ের করেন।
এদিকে মামলা দায়েরের পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। নিরপরাধ পরিবারকে মিথ্যা মামলায় জড়িয়ে সামাজিক ও সামাজিকভাবে হয়রানির প্রতিবাদে স্থানীয় সচেতন এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুটির মৃত্যু সম্পূর্ণ একটি মর্মান্তিক দুর্ঘটনা ছিল। এটি পানিতে পড়ে মৃত্যু হলেও একটি মহল স্বার্থ হাসিলের জন্য দুই মাস পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করিয়েছে।
ঘটনার বিষয়ে কমলনগরের সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "ঘটনার পরপরই শিশুর পরিবার থানায় এসে মুচলেকা দিয়ে গিয়েছিল যে এটি পানিতে ডুবে মৃত্যু এবং এ নিয়ে কারও প্রতি তাদের কোনো অভিযোগ নেই। কিন্তু দুই মাস পর তারা আদালতে মামলা দায়ের করেছে।"
মামলার প্রধান সাক্ষী রাশেদা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি এজাহারের বক্তব্য অস্বীকার করে বলেন, "আমি এই ধরণের কোনো ঘটনার সাক্ষী নই এবং এমন কিছু দেখিনি। শিশুটি পানিতে পড়েই মারা গিয়েছিল।" মিথ্যা ও হয়রানিমূলক মামলার বিষয়ে বক্তব্য জানতে বাদী মোঃ আব্বাসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পরবর্তীতে জানাবেন বলে এড়িয়ে যান এবং আর কোনো কথা বলতে রাজি হননি।
এলাকাবাসী অবিলম্বে এই মিথ্যা ও সাজানো মামলা থেকে নিরপরাধ ব্যক্তিদের অব্যাহতি এবং সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/