
এইচএম আমজাদ হোসেন মোল্লা
পেশাদারিত্ব, সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের গলায় সম্মানজনক এই পদক পরিয়ে দেন এবং তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পুলিশ সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা, সততা ও সাহসিকতার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও দক্ষতার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার কারণে পুলিশ সুপার হাবিবুর রহমানের এ অর্জন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, দীর্ঘদিনের পেশাগত সততা, নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবেই পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের এই অর্জন এসেছে। তার এ সম্মাননা নারায়ণগঞ্জ জেলা পুলিশের অন্যান্য সদস্যদেরও পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেছে জেলা পুলিশ।
পিপিএম-সেবা পদক পাওয়ার পর প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “এই পদক আমার একার নয়, এটি নারায়ণগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যের। এই সম্মান আমাকে আরও বেশি দায়িত্বশীল হয়ে জনগণের জন্য কাজ করার প্রেরণা জোগাবে।”
তিনি বলেন, নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাবেন। এসব অপরাধের বিরুদ্ধে তার অবস্থান কঠোর থাকবে বলেও জানান তিনি।
পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনই জেলা পুলিশের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও পেশাদার হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা কামনা করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ এবং সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় তিনি নারায়ণগঞ্জকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/