
ইসলাম ডেস্ক
মানুষের ব্যক্তিগত ভুলত্রুটি ও গোপন পাপ প্রকাশ ইসলামে নিষিদ্ধ। স্বাভাবিকভাবে ব্যক্তির দোষ গোপন রেখে তাকে সংশোধনের সুযোগ দেওয়াই ইসলামের শিক্ষা। কিন্তু সব অপরাধ একই ধরনের নয়। কারও অন্যায় যখন অন্য মানুষের জীবন, সম্পদ, সম্মান কিংবা সমাজের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন তার দোষ গোপন করা আর নেক কাজ থাকে না। বরং তখন নীরবতা অপরাধীকে সহযোগিতা করার কারণ হতে পারে। এ কারণে শরিয়তে কিছু অন্যায় প্রকাশ করা ও প্রতিহত করা জরুরি।
১. ফৌজদারি অপরাধ ও সহিংসতা
খুন, ডাকাতি, ধর্ষণ, বলাৎকার, শিশুকাম কিংবা সহিংসতার মতো অপরাধ কোনো ব্যক্তিগত গোপন পাপের পর্যায়ে পড়ে না। এসব অপরাধের প্রভাব সরাসরি অন্য মানুষের জীবন ও নিরাপত্তার ওপর পড়ে। তাই অপরাধীকে বাঁচানোর জন্য তার অপরাধ গোপন করা জায়েজ নেই। আল্লাহ তাআলা বলেন, ‘নেককাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালঙ্ঘনে একে অন্যের সাহায্য করবে না।’ (সুরা মায়েদা: ২)
কাজেই কেউ যদি খুন-খারাবি, ধর্ষণ বা বলাৎকারের মতো অপরাধ করে, এক্ষেত্রে অপরাধীকে আইনের আওতায় না এনে তার অপরাধ গোপন করা মূলত পাপ ও সীমালঙ্ঘনে সাহায্য করা।
২. অপরাধের সাক্ষ্য ও প্রমাণ গোপন করা
কোনো অপরাধের সত্য ঘটনা বা গুরুত্বপূর্ণ প্রমাণ জানা থাকার পরও অপরাধীকে বাঁচানোর জন্য তা গোপন করা ইসলামের দৃষ্টিতে গুরুতর অন্যায়। কারণ এতে শুধু একজন অপরাধী রক্ষা পায় না; ন্যায়বিচারের পথও বাধাগ্রস্ত হয় এবং মজলুম তার অধিকার থেকে বঞ্চিত হয়। আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ‘আর তোমরা সাক্ষ্য গোপন কোরো না; যে ব্যক্তি তা গোপন করে, নিশ্চিতভাবেই তার অন্তর পাপী।’ (সুরা বাকারা: ২৮৩)
তাই নিজের আত্মীয়, বন্ধু কিংবা পরিচিত কেউ অপরাধ করলেও তার অপরাধের সত্য সাক্ষ্য গোপন করা কোনোভাবেই নেক কাজ নয়। বরং ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই মুমিনের দায়িত্ব। তবে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রেও অনুমান, গুজব বা ব্যক্তিগত বিরোধ নয়; সত্য ও নিশ্চিত তথ্যের ভিত্তিতেই কথা বলতে হবে।
৩. আর্থিক প্রতারণা ও আমানত আত্মসাৎ
ব্যবসায় জালিয়াতি, পণ্যের দোষ গোপন করা, ঘুষ, মানুষের সম্পদ আত্মসাৎ কিংবা আমানতের খেয়ানত; শুধু ব্যক্তিগত পাপ নয়। এগুলো মানুষের অধিকার নষ্ট করে। তাই এমন অপরাধ জেনেও চুপ থাকা অন্যকে ক্ষতির মুখে ঠেলে দিতে পারে। আল্লাহর রাসুল (সা.) একবার খাদ্যের স্তূপে হাত দিয়ে ভেতরের অংশ ভেজা দেখতে পেয়ে বিক্রেতাকে বললেন, ‘এটি মানুষের সামনে রাখলে না কেন, যাতে তারা দেখতে পেত’। এরপর তিনি বলেন, ‘যে আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (সহিহ মুসলিম: ১০২)
অর্থাৎ প্রতারণার দোষ গোপন রেখে কাউকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া ইসলামের শিক্ষা নয়। বিশেষ করে কেউ যদি কোনো প্রতারকের সঙ্গে লেনদেন করতে চায় এবং আপনি তার অপরাধ জানেন, তাহলে তাকে সতর্ক করাই কর্তব্য। কারণ এখানে নীরবতা নিরপরাধ ব্যক্তির ক্ষতির কারণ হতে পারে।
৪. বিবাহ বা ব্যবসায়িক চুক্তিতে গুরুতর দোষ গোপন করা
কেউ যখন বিয়ে, ব্যবসা কিংবা কোনো গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে আপনার কাছে পরামর্শ চায়, তখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এমন গুরুতর তথ্য গোপন করা প্রতারণার শামিল। যেমন কোনো পাত্রের মারাত্মক চরিত্রগত সমস্যা, মাদকাসক্তি, জালিয়াতির ইতিহাস কিংবা এমন কোনো গুরুতর বিষয়, যা জানলে অপর পক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে।
এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ পাওয়া যায় হজরত ফাতিমা বিনতে কায়েসের (রা.) ঘটনায়। তিনি আল্লাহর রাসুলের (সা.) কাছে এসে বললেন, ‘হে আল্লাহর রাসুল, আবু জাহম ও মুয়াবিয়া (রা.) আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। আমি কাকে বিয়ে করব?’ আল্লাহর রাসুল (সা.) বললেন: ‘আবু জাহম তার কাঁধ থেকে লাঠি নামায় না। আর মুয়াবিয়া নিঃস্ব, তার কোনো সম্পদ নেই।’ এরপর আল্লাহর রাসুল (সা.) তাকে ওসামা বিন জায়েদকে (রা.) বিয়ের পরামর্শ দেন। (সহিহ মুসলিম: ১৪৮০)
এখানে ‘লাঠি কাঁধ থেকে নামায় না’ বলার মাধ্যমে আবু জাহমের কঠোর স্বভাব ও স্ত্রীকে প্রহার করার প্রবণতার দিকে ইঙ্গিত করা হয়েছে। অন্যদিকে মুয়াবিয়ার আর্থিক অক্ষমতার কথাও স্পষ্ট করে বলা হয়েছে। অর্থাৎ রাসুলুল্লাহ (সা.) এমন তথ্য গোপন করেননি, যা একজন নারীর সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এ থেকে বোঝা যায়, বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ চাওয়া হলে দোষ গোপন করা নসিহত নয়। তবে উদ্দেশ্য হতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে ক্ষতি থেকে রক্ষা করা, কারো ক্ষতি করা নয়।
৫. মানুষের নিরাপত্তা ও সমাজের শান্তির বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র
কোনো ব্যক্তির পরিকল্পনা যদি মানুষের জীবন, সম্পদ কিংবা সমাজের নিরাপত্তাকে বিপন্ন করে, তাহলে তা গোপন রাখা আরও বড় বিপদের কারণ হতে পারে। যেমন হামলা, অগ্নিসংযোগ, নাশকতা কিংবা মানুষের জানমালের ক্ষতি করার পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত তথ্য জানা থাকা সত্ত্বেও নীরব থাকা অপরাধীকে সুযোগ করে দিতে পারে। ইসলামের মৌলিক নীতি হলো নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, অন্যকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না, এবং হতেও দেওয়া যাবে না। (সুনানে ইবনে মাজাহ : ২৩৪০)
মোটকথা, ইসলামে দোষ গোপন করার শিক্ষা মানুষের ব্যক্তিগত ভুলত্রুটি ও গোপন পাপের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যেখানে অন্যের জীবন, সম্পদ, সম্মান, অধিকার কিংবা সমাজের নিরাপত্তা জড়িয়ে যায়, তখন অপরাধ গোপন করা অপরাধীকে সহযোগিতা করার কারণ হতে পারে। তাই একজন মুমিনের দায়িত্ব হলো, অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, মজলুমের অধিকার রক্ষা করা এবং প্রয়োজনের ক্ষেত্রে সত্য তথ্য যথাযথ কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া।
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/