
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে কার্টনের ওপর ঘুমিয়ে পড়েছে একটি বানর। অদ্ভুত এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে রাঁচির ওরমানঝি চকে। স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কয়েক দিন ধরেই ওই এলাকায় বানরটিকে ফেলে দেওয়া মদের বোতলে থাকা অবশিষ্ট মদ চাটতে দেখা যাচ্ছিল। তবে এবার সরাসরি দোকানের ভেতরে ঢুকে বোতল থেকে মদ পান করায় ঘটনাটি নজরে আসে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় দোকানের কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ একটি বানর দোকানের ভেতরে ঢুকে পড়ে। কর্মীরা প্রথমে সেটিকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এমনকি বানরটিকে দোকান থেকে সরিয়ে দিতে বিস্কুটও দেওয়া হয়।
তবে কোনো কিছুতেই বানরটিকে বাইরে বের করা সম্ভব হয়নি। একপর্যায়ে সেটি দোকানের একটি মদের বোতল তুলে নেয়। পরে বোতলটি ভেঙে ফেলে এবং ভেতরে থাকা মদের প্রায় অর্ধেক পান করে ফেলে বলে স্থানীয়রা জানান।
মদ পান করার কিছুক্ষণ পর বানরটির আচরণে পরিবর্তন দেখা যায়। সেটিকে ধীরে ধীরে ঘুমঘুম অবস্থায় দেখা যায়। একপর্যায়ে দোকানের ভেতরে রাখা মদের কার্টনের ওপর শুয়ে পড়ে বানরটি।
এরপর সেখানেই ঘুমিয়ে যায় সেটি। আশপাশের লোকজন ও দোকানের কর্মীরা অদ্ভুত এ দৃশ্য দেখে বিস্মিত হয়ে যান। এ সময় দোকানে ক্রেতাদেরও যাতায়াত চলছিল। বানরটি কার্টনের ওপর ঘুমিয়ে থাকলেও দোকানের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যান কর্মীরা।
ঘটনাটি দেখে স্থানীয় কয়েকজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দোকানের ভেতরে মদের কার্টনের ওপর বানরটিকে শুয়ে থাকতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, গত কয়েক দিন ধরেই বানরটিকে আশপাশে পড়ে থাকা মদের বোতলে অবশিষ্ট তরল চাটতে দেখা যাচ্ছিল। তবে দোকানের ভেতরে ঢুকে সরাসরি বোতল থেকে মদ পান করার ঘটনা এবারই তাদের নজরে আসে।
বানরের এমন কাণ্ডে রাঁচির ওরমানঝি এলাকার দোকানি, কর্মী ও স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্র: এনডিটিভি
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/