
মুকুল হোসেন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৫নং কাজিপুর সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মাঠে নেমেছেন। প্রতিদিনই চলছে গণসংযোগ, মতবিনিময় সভা ও উঠান বৈঠক। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান প্রার্থী ও কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা মতবিনিময় সভা করেছেন।
কাজিপুর সদর ইউনিয়নের কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ মতবিনিময় সভায় এলাকার মুরব্বি ফজল সেখের সভাপতিত্বে বক্তব্য দেন কাজিপুর সদর ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক, যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, এলাকার মুরব্বি আবু হানিফ, ইমান হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল হামিদ, রফিকুল ইসলাম রফিক, লেলিন, শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিল্লোল তালুকদার ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এতে নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মঞ্জুর রশিদ রানা কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এবং দলের একজন ত্যাগী নেতা। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় জেল-জুলুম ভোগ করেছেন বলে দাবি করেন তারা। তাদের ভাষ্য, মঞ্জুর রশিদ রানা তরুণ, সৎ ও মানুষের পাশে থাকা একজন ব্যক্তি। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি সামাজিক বিভিন্ন বিষয়ে ন্যায়ের পক্ষে ভূমিকা রেখেছেন তিনি।
বক্তারা আরও বলেন, মঞ্জুর রশিদ রানা চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার পাশাপাশি রাস্তাঘাটসহ এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন।
চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর রশিদ রানা বলেন, “বিগত সময়ে দলের জন্য কাজ করেছি এবং জেলও খেটেছি। দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আশা করি দল আমাকে সমর্থন দেবে।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করবেন। শিক্ষার প্রসার এবং রাস্তাঘাটসহ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখারও প্রতিশ্রুতি দেন তিনি। মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/