
এস এম বাদল
কুষ্টিয়া প্রতিনিধি
উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা-২০২৬। ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জেলার শিল্প-বাণিজ্যের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভায়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া চেম্বার ভবনের মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি হাজী আবু জাফর মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।
সভায় বক্তব্যে প্রধান অতিথি আলহাজ্ব মো. মজিবুর রহমান বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও ব্যবসায়িক স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। বর্তমান অর্থনৈতিক সংকট, কর ব্যবস্থার জটিলতা এবং ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক চাপ বাণিজ্যিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে। উৎপাদন, বিপণন ও বিনিয়োগের স্বার্থে স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে হাজী আবু জাফর মোল্লা বলেন, চেম্বার শুধু ব্যবসায়ীদের একটি সংগঠন নয়, এটি কুষ্টিয়ার অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণে চেম্বার সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে যাবে।
এ সময় চেম্বারের সিনিয়র সহসভাপতি মেজবার রহমান, সহসভাপতি কাজী রফিকুর রহমান রফিক, পরিচালকবৃন্দ, সাবেক পরিচালক, সাধারণ সদস্য, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন বণিক সমিতির প্রতিনিধি ও জেলার বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় চেম্বারের সার্বিক কার্যক্রম, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং জেলার শিল্প-বাণিজ্যের সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সার্বিকভাবে বার্ষিক সাধারণ সভাটি জেলার ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হয়। কুষ্টিয়ার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে এগিয়ে নিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/