জালাল উদ্দিন
কর আইনজীবী
আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ ও স্বস্তিদায়ক করতে সময় বৃদ্ধির আবেদন অনলাইনে করার সুযোগ চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে করদাতারা ঘরে বসেই ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে জরিমানা ছাড়াই সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় নিয়ে রিটার্ন দাখিল করতে পারবেন।
সোমবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ইতোমধ্যে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
কোনো করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে না পারলে তিনি ই-রিটার্ন সিস্টেমে লগইন করে “Time Extension” মেন্যুর মাধ্যমে অতিরিক্ত সময়ের আবেদন করতে পারবেন। আবেদনটি সংশ্লিষ্ট কর কমিশনার অনলাইনে পর্যালোচনা করে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বৃদ্ধির অনুমোদন দিতে পারবেন।
সময় বৃদ্ধি মঞ্জুর হলে করদাতারা বর্ধিত সময়ের মধ্যে কোনো ধরনের জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন। তবে এ সুবিধা পেতে করদাতার ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন থাকা এবং ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সময় বৃদ্ধির আবেদন করা বাধ্যতামূলক।
এনবিআর সব সম্মানিত করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে অথবা অনুমোদিত অতিরিক্ত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুরো প্রক্রিয়াটি ডিজিটাল হওয়ায় আবেদন অনুমোদন বা নামঞ্জুর করার বিষয়টি আগের তুলনায় আরও স্বচ্ছ ও দ্রুততর হবে। ইতোমধ্যে প্রায় ৫০ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় ৪১ লাখ করদাতা ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন।
এবার অনেক ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যেসব করদাতার জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক নয়, তারা চাইলে সরাসরি সংশ্লিষ্ট সার্কেল অফিসে লিখিতভাবে অথবা অনলাইনে—উভয় পদ্ধতিতেই সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119