“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা বাড়লো আরও এক বছর

মালয়েশিয়া প্রতিনিধি

অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ বাড়িয়ে দিয়েছে মালয়েশিয়া সরকার। ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০ (PRM 2.0)’–এর মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবৈধ অভিবাসীদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

আগের ঘোষণা অনুযায়ী, কর্মসূচিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সাধারণ ক্ষমার আওতা এখন ১ মে ২০২৬ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (JIM)। কসমো অনলাইন এবং ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, কর্মসূচিটির কার্যকারিতা মূল্যায়ন করে এবং ব্যাপক সাড়া পাওয়ার পরই এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ১৯ মে ২০২৫ থেকে ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত পিআরএম ২.০-এর আওতায় বিশ্বের ১১২টি দেশের মোট ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী নিবন্ধন করেছেন। এ সময় সরকারের কোষাগারে প্রায় ১২৭ মিলিয়ন রিঙ্গিত কম্পাউন্ড হিসেবে জমা পড়েছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

এই কর্মসূচির অধীনে অবৈধভাবে দেশে প্রবেশকারী বা ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে অবস্থানকারীদের জন্য ৫০০ রিঙ্গিত জরিমানা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ভিসার শর্ত লঙ্ঘনকারীদের জন্য জরিমানা ৩০০ রিঙ্গিত। এছাড়া দেশে ফেরার জন্য অস্থায়ী ভ্রমণ দলিল (Special Pass) ইস্যুর ক্ষেত্রে প্রতিবার ২০ রিঙ্গিত ফি দিতে হবে।

একই সঙ্গে কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশজুড়ে সমন্বিত অভিযান, পূর্ব সমীক্ষা ও নজরদারি জোরদার করে অবৈধ অভিবাসীদের পাশাপাশি তাদের নিয়োগকর্তা ও আশ্রয়দাতাদেরও চিহ্নিত করে গ্রেফতার এবং আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞপ্তিতে সব অবৈধ অভিবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে—কঠোর আইন প্রয়োগ শুরুর আগেই এই সুযোগ কাজে লাগিয়ে বৈধ প্রক্রিয়ায় নিজেদের অবস্থান নিষ্পত্তি করতে।

জাকারিয়া শাবান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে অভিবাসন ব্যবস্থাপনা কঠোর, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনায় বিভাগটি প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *