“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

৩৫ হাজার কোটির অভিযোগ, সাড়ে পাঁচশ কোটির হদিস—নজরুলের অর্থের সন্ধান ৪ দেশে

নিজস্ব প্রতিবেদক

নাসা গ্রুপের কর্ণধার ও সাবেক এক্সিম ব্যাংক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে দেশের ২৬টি ব্যাংক থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দীর্ঘ অনুসন্ধানে তার অর্থ পাচারের একটি আন্তর্জাতিক নেটওয়ার্কেরও সন্ধান পেয়েছে সংস্থাটি।

দুদকের অনুসন্ধানে যুক্তরাজ্য, আইল অব ম্যান, জার্সি ও হংকংয়ে নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এসব দেশে পাচার করা সাড়ে পাঁচশ কোটি টাকার বেশি অর্থ ও দুটি কোম্পানির অস্তিত্ব শনাক্ত করার দাবি করেছে দুদক।

এরই মধ্যে আদালতের আদেশে যুক্তরাজ্যে প্রায় ২৮ মিলিয়ন পাউন্ড এবং জার্সিতে ৫ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড অর্থ ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি আইল অব ম্যানের একটি কোম্পানি জব্দ করা হয়েছে। হংকংয়ে পাওয়া আরেকটি কোম্পানিও আদালতের আদেশে ক্রোক করার প্রক্রিয়া চলছে বলে দুদক সূত্রে জানা গেছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

চার মামলায় তদন্ত

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নজরুল ইসলাম মজুমদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এখন পর্যন্ত চারটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নজরুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলাও রয়েছে।

তিনি জানান, যুক্তরাজ্যের জার্সি ক্রাউন ডিপেনডেন্সি আদালতের আদেশে ৫ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড ফ্রিজ করা হয়েছে। এর আগে যুক্তরাজ্য ও আইল অব ম্যানের সম্পদ জব্দের আদেশও দেওয়া হয়েছিল। দুদক পারস্পরিক আইনগত সহায়তা বা এমএলএআর (Mutual Legal Assistance Request)-এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

২৬ ব্যাংক থেকে ৩৫ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দুদকের দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে, ব্যাংক খাতের শীর্ষ পর্যায়ে প্রভাব খাটিয়ে সাধারণ আমানতকারীদের অর্থ থেকে বিপুল পরিমাণ টাকা বের করে নেওয়ার অভিযোগ। পরে বিভিন্ন কৌশলে সেই অর্থ বিদেশে পাচার করে জটিল অফশোর আর্থিক ব্যবস্থার মাধ্যমে গোপন করার চেষ্টা করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। যৌথ অনুসন্ধান দলের প্রধান ও দুদকের উপপরিচালক মো. রউফুল ইসলামের নেতৃত্বে একটি দল নজরুল ইসলাম মজুমদার, তার পরিবারের সদস্য ও সহযোগীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করছে।

দুদকের অনুসন্ধানে দেশের ২৬টি সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে নজরুল ইসলাম মজুমদার ও তার সহযোগীদের নামে, বেনামে এবং আত্মীয়স্বজনের নামে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার তথ্য পাওয়ার দাবি করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাংকিংয়ের প্রচলিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি। অপর্যাপ্ত জামানত, ভুয়া এলসি এবং ওভার-ইনভয়েসিংয়ের মতো কৌশল ব্যবহার করে ঋণ ও অর্থ বিদেশে পাচার করা হয়েছে।

ভুয়া প্রতিষ্ঠান ও ওভার-ইনভয়েসিংয়ের অভিযোগ

দুদকের অনুসন্ধান অনুযায়ী, কাগজে-কলমে অস্তিত্বহীন বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। পরে সেই অর্থ দেশের বাইরে থাকা বিভিন্ন অফশোর অ্যাকাউন্টে স্থানান্তরের অভিযোগ রয়েছে। এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রমের আড়ালে পণ্যের প্রকৃত মূল্যের তুলনায় কয়েকগুণ বেশি মূল্য দেখিয়ে অর্থ বিদেশে পাঠানোর অভিযোগও তদন্ত করছে দুদক। অনুসন্ধানে আরও উঠে এসেছে, আয়কর রিটার্ন ও সিআইবি রিপোর্টে বিদেশে অর্জিত সম্পদ কিংবা ব্যাংক হিসাবের তথ্য যথাযথভাবে প্রকাশ করা হয়নি—এমন তথ্যও খতিয়ে দেখছে সংস্থাটি।

চার দেশে অর্থ পাচারের নেটওয়ার্ক

দুদকের তথ্য ও গোয়েন্দা প্রতিবেদনের বরাতে জানা গেছে, নজরুল ইসলাম মজুমদারের অর্থ পাচারের একটি নেটওয়ার্ক যুক্তরাজ্য, আইল অব ম্যান, জার্সি ও হংকং পর্যন্ত বিস্তৃত ছিল বলে অভিযোগ রয়েছে। নজরুল ইসলামের স্ত্রী নাসরিন ইসলাম যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় তার নাগরিকত্বকে ব্যবহার করে যুক্তরাজ্যের আর্থিক ব্যবস্থায় অর্থ স্থানান্তরের চেষ্টা করা হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

যুক্তরাজ্যে ২৮ মিলিয়ন পাউন্ড

দুদকের অনুসন্ধানে যুক্তরাজ্যে প্রায় ২৮ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার বেশি, পাচারের তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। আদালতের আদেশ পাওয়ার পর বিষয়টি এমএলএআরের মাধ্যমে যুক্তরাজ্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে। ওই অর্থের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

আইল অব ম্যান-এ কোম্পানির সন্ধান

আইরিশ সাগরে অবস্থিত যুক্তরাজ্যের স্বশাসিত দ্বীপ আইল অব ম্যান আন্তর্জাতিক অফশোর কোম্পানি নিবন্ধনের জন্য পরিচিত। সেখানে নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলামের সংশ্লিষ্টতায় ‘ওয়ান প্রপার্টি লিমিটেড’ নামে একটি কোম্পানির সন্ধান পেয়েছে দুদক। অনুসন্ধান অনুযায়ী, ২০১৯ সালের ১৭ মে কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয়। দুদক ওই কোম্পানির অ্যাকাউন্ট ও সম্পদ ফ্রিজ করার জন্য আইল অব ম্যান কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানায়। এমএলএআরের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা সম্পদ ফ্রিজ করার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে জানিয়েছে দুদক।

জার্সিতে ৮৩ কোটি টাকা ফ্রিজ

ইংলিশ চ্যানেলে অবস্থিত জার্সি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আর্থিক ও অফশোর ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। দুদকের অনুসন্ধানে অভিযোগ পাওয়া গেছে, আইল অব ম্যান-এ নিবন্ধিত কোম্পানির মাধ্যমে জার্সিতে একটি ব্যাংক হিসাবে অর্থ রাখা হয়েছিল। তদন্তে জার্সির ইউবিএস ব্যাংকের একটি অ্যাকাউন্টে ৫ দশমিক ৩০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ কোটি টাকা, থাকার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে দুদক। আদালতের আদেশে ইতোমধ্যে ওই অর্থ ফ্রিজ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এমএলএআরের মাধ্যমে জানানো হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

হংকংয়ে আরেক কোম্পানির সন্ধান

এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক ও আর্থিক কেন্দ্র হংকংকেও অর্থ পাচারের একটি ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত করছে দুদক। নাসা গ্রুপের বিভিন্ন আমদানি-রপ্তানি কার্যক্রম, ভুয়া এলসি এবং ওভার-ইনভয়েসিংয়ের মাধ্যমে প্রথমে হংকংয়ে অর্থ পাঠানোর প্রমাণ পাওয়ার দাবি করেছে অনুসন্ধান দল। হংকংয়ে নজরুল ইসলাম মজুমদার ও সংশ্লিষ্টদের মালিকানাধীন একটি কোম্পানিরও সন্ধান পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি আদালতের আদেশের মাধ্যমে ক্রোক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

চলমান মামলা ও চার্জশিট

নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাসরিন ইসলাম ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে চারটি পৃথক মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলায় ইতোমধ্যে চার্জশিট দেওয়া হয়েছে।

এক্সিম ব্যাংকের ৬১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ দিয়ে এক্সিম ব্যাংক থেকে ৬১৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে নজরুল ইসলাম মজুমদার, তার দুই সন্তানসহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। ২০২৫ সালের ২১ আগস্ট মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ফ্লামিংগো এন্টারপ্রাইজ নামে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের বাস্তবতা যাচাই না করে এবং পর্যাপ্ত সহায়ক জামানত ছাড়াই ঋণ বিতরণ করা হয়। এ মামলায় নজরুল ইসলামের দুই সন্তান—নাসা বেসিকস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিদ ইবনে ইসলাম ও মিসেস আনিকা ইসলাম—ছাড়াও ব্যাংকটির একাধিক সাবেক শীর্ষ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

  • আরও পড়ুন

সাড়ে ৮০০ কোটি টাকা আত্মসাতের আরেক মামলা

জালিয়াতির মাধ্যমে ঋণের প্রায় সাড়ে ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের ১৭ আগস্ট নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রীসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার আসামিদের মধ্যে ঋণগ্রহীতা মদিনা চেটস অ্যান্ড নাটসের মালিক মোজাম্মেল হোসাইন, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী ও সাবেক পরিচালক নাসরিন ইসলাম, সাবেক পরিচালক ও বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজ হোসেন রয়েছেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

২০২৫ সালের ফেব্রুয়ারিতে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। একই সময়ে তার স্ত্রী নাসরিন ইসলামের বিরুদ্ধে ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করা হয়। দুদক সূত্র জানিয়েছে, এসব মামলা ও অভিযোগের তদন্ত এখনো চলমান রয়েছে।

নজরদারিতে আন্তর্জাতিক সম্পদ

দেশের ব্যাংক খাত থেকে বিপুল অর্থ আত্মসাৎ এবং পরে বিদেশে পাচারের অভিযোগের পাশাপাশি নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের নামে বিদেশে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করছে দুদক। যুক্তরাজ্য, আইল অব ম্যান, জার্সি ও হংকংয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এমএলএআরের মাধ্যমে যোগাযোগ করে সম্পদ ও অর্থের প্রকৃত মালিকানা, অর্থের উৎস এবং লেনদেনের ধরন যাচাই করা হচ্ছে।

দুদকের অনুসন্ধান ও মামলাগুলোর তদন্ত শেষ হলে এসব অভিযোগের বিষয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচনা করতে হবে।

ঢাকার E দোকান

📱 ০ ১ ৬ ১ ২ ৩ ৪ ৬ ১ ১ ৯
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *