

ক্রিড়া ডেস্ক
আন্তর্জাতিক ফুটবল থেকে অবশেষে বিদায় জানালেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর বিশ্বফুটবলে নেমে এসেছে এক আবেগঘন আবহাওয়া। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের দুই কিংবদন্তি তারকা রোনালদিনহো ও নেইমার জুনিয়রও মেসির এই বিদায়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন। মহাতারকার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার এবং ফুটবলে অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন।
বুধবার বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের স্মরণীয় জয়ে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন ৩৯ বছর বয়সী মেসি। এ ম্যাচের মাধ্যমে জাতীয় দলের হয়ে নিজের ২০৮তম ও শেষ উপস্থিতি পূর্ণ করলেন তিনি। বিদায়ী ম্যাচে চমৎকার একটি গোলও করেছেন আর্জেন্টাইন অধিনায়ক, যার মাধ্যমে জাতীয় দলের হয়ে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২৬-এ।
‘তোমার গল্পের শুরু থেকে থাকতে পেরে আমি ধন্য’: রোনালদিনহো
বার্সেলোনায় ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত মেসির প্রথম জীবনের সতীর্থ হিসেবে খেলেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। মেসির ক্যারিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে তিনি লেখেন, “প্রথম দিন থেকেই তোমার গল্পের অংশ হতে পারাটা কতটা আনন্দের ছিল, তা বলে বোঝাতে পারব না ভাই। তুমি আমাদের এত হাসিয়েছ, ফুটবল এত উপভোগ করিয়েছ। তোমার নাম তোমার দেশের এবং পুরো বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে।”
মেসির সঙ্গে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের কথা স্মরণ করে তিনি আরও লেখেন, “শুধু আমরাই জানি, শৈশবের সেই স্বপ্ন পূরণ করার আনন্দ কতটা—নিজের দেশের প্রতিনিধিত্ব করা এবং বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। তুমি তোমার জাতীয় দল এবং দেশের জন্য সবকিছু দিয়েছ। আন্তর্জাতিক ফুটবল ছাড়ার পেছনে পরিবারের গুরুত্ব আমি বুঝতে পারি। জীবন উপভোগ করো, ভাই।”
‘আমাকে ফুটবল আরও ভালোবাসতে শিখিয়েছ’: নেইমার
বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু নেইমার ইনস্টাগ্রামে লেখেন, “যারা ফুটবল ভালোবাসে, তারা এত বছর ধরে তোমাকে খেলতে দেখে মুগ্ধ হয়েছে। আজ তোমার দেশের জার্সিতে শেষ ম্যাচ। আশা করি তুমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছ।”
মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার লেখেন, “শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্ব তোমাকে ধন্যবাদ জানায় ফুটবলের জন্য তুমি যা করেছ তার জন্য। আমাকে ফুটবল আরও বেশি ভালোবাসতে বাধ্য করার জন্য ধন্যবাদ। তোমার বিপক্ষে খেলা ছিল সম্মানের, আর তোমার সঙ্গে ইতিহাস গড়তে পারা ছিল আরও বড় সম্মানের। গ্রাসিয়াস।”
সতীর্থ সুয়ারেজ ও বিশ্ব ফুটবলের শ্রদ্ধা
মেসির বিদায়ে বার্তা দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও ইন্টার মায়ামির সতীর্থ উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজও। এক ভিডিও বার্তায় সুয়ারেজ বলেন, “যে জার্সি পরে তুমি অসাধারণ সব মুহূর্ত কাটিয়েছ এবং দেশকে সর্বোচ্চ সম্মান এনে দিয়েছ, আশা করি শেষ রাতে সেটা পুরোপুরি উপভোগ করেছ। দেশের জন্য তুমি যা করেছ, আজকের এই সম্মান তোমার শতভাগ প্রাপ্য।”
এছাড়া আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্স, ইন্দেপেন্দিয়েন্তে ও সান লরেঞ্জোসহ প্রাক্তন ক্লাব বার্সেলোনাও বিশ্বজয়ী এই অধিনায়ককে শ্রদ্ধা জানিয়েছে। বার্সেলোনা তাদের বার্তায় উল্লেখ করে, “২০০৮ সালের বেইজিং অলিম্পিকে সোনা জয় থেকে শুরু করে এক অবিস্মরণীয় ক্যারিয়ার। আলবিসেলেস্তেদের হয়ে প্রতিটি পদক্ষেপে ইতিহাস গড়ার জন্য অভিনন্দন, লিও।”
- আরও পড়ুন
- সড়ক পরিবহন খাতের মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজি বন্ধ করতে হবে: রিজভী

- ৯ বছর বয়সেই পবিত্র কুরআনের হাফেজ মো. জুনায়েদ হোসেন আব্দুল্লাহ

- রাষ্ট্র পুনর্গঠনে ওলামাদের উপেক্ষা করলে পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

- পূজার ছুটিতে ভয়াবহ যানজটের শঙ্কা ঢাকা-সিলেট মহাসড়কে

- পুলিশ জনআস্থা অর্জন করেছে, আরও বেশি আস্থা প্রতিষ্ঠাই চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী

- নারায়ণগঞ্জে অসহায় পরিবারের পাশে ইউএনও এস এম ফয়েজউদ্দিন, খাদ্য সামগ্রী প্রদান

উল্লেখ্য, ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা জয়, ২০২২ কাতার বিশ্বকাপ জয় এবং ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে টানা মেসি গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। বেনিনের বিরুদ্ধে শেষ ম্যাচটি দিয়ে শেষ হলো আন্তর্জাতিক ফুটবলে এক বর্ণাঢ্য স্বর্ণালী অধ্যায়ের।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119