নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে নম্বরের বড় ধরনের গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। খাতা মূল্যায়নে গাফিলতি বা নম্বরের অস্বাভাবিক ব্যবধান পেলে কাউকে ছাড় দেওয়া হবে না—এমনটাই জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা বোর্ড চেয়ারম্যান বলেন, ‘এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে বড় ধরনের ব্যত্যয় ঘটায় শতাধিক পরীক্ষক ও প্রধান পরীক্ষককে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।’
একইভাবে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণেও কোনো অনুচিত নম্বর বা বড় ব্যবধান ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানান তিনি। বোর্ডের নিয়ম অনুযায়ী, একজন শিক্ষার্থী এর আগে কত নম্বর পেয়েছিলেন এবং পুনর্নিরীক্ষণের পর কত পাচ্ছেন, তা নিবিড়ভাবে তুলনা করে দেখা হবে। নম্বরের ব্যবধান বিশ্লেষণ করেই মূলত খাতা মূল্যায়নে কোনো ত্রুটি বা দায়িত্বে অবহেলা রয়েছে কি না, তা নির্ধারণ করা হবে।
এসএসসিতে খাতা মূল্যায়নে বড় ভুল, শাস্তির মুখে শতাধিক পরীক্ষক এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর নম্বরে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। ফলাফল পুনর্নিরীক্ষায় সারাদেশে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেন এবং নতুন করে জিপিএ-৫ পান ৩ হাজার ৭৯ জন।
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে এমন অসঙ্গতি ধরা পড়ার পর শিক্ষা বোর্ড শতাধিক পরীক্ষক ও প্রধান পরীক্ষককে চিহ্নিত করে, যাদের বিরুদ্ধে বর্তমানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এইচএসসিতে পুনর্নিরীক্ষার আবেদন পৌনে ৩ লাখ শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। শিক্ষার্থীরা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা দিয়েছেন।
গত ১১ নভেম্বর থেকে ঢাকা শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের এই কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পুনর্নিরীক্ষণের সময় যেসব উত্তরপত্রের নম্বরে পরিবর্তন আসবে, সেগুলোকে বিশেষভাবে যাচাই-বাছাই করা হবে। মূল্যায়নে গাফিলতি বা নম্বরের গরমিলের সত্যতা মিললেই সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119