দিনাজপুর প্রতিনিধি
চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ এবং চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার নেতাকর্মীরা। সোমবার (১৮ মে ২০২৬) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসকরা অংশ নেন। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। বিশেষ করে শরিয়তপুরে চিকিৎসকদের ওপর সংঘটিত হামলার ঘটনাকে তারা ন্যাক্কারজনক ও অমানবিক বলে উল্লেখ করেন। বক্তারা বলেন, একজন চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সেবা দিয়ে থাকেন। অথচ দায়িত্ব পালন করতে গিয়ে চিকিৎসকদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
তারা শরিয়তপুরের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে দেশের সকল হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করে একটি নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ড্যাব দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ডা. হাফিজুল ইসলাম ও সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ, সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুর রহমান, ডা. ইসমাইল হোসেন, কনসালট্যান্ট ডা. মো. আসাদ শেখ পারভেজ, দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম জামিউল, জেলা ড্যাবের সদস্য ডা. নুর জামান, ডা. গোলাম রব্বানীসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ।
এদিকে একই দাবিতে সোমবার দুপুরে দিনাজপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগেও পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন অফিসের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস, দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম জামিউলসহ জেনারেল হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবা ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই চিকিৎসকদের ওপর হামলার ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান তারা।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119