কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির ৫ থেকে ৬ জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।
অন্যদিকে, হামলার ঘটনার পর বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা মো. রুহুলের বাড়িতে ভাঙচুর এবং তার পাটের গোডাউনে আগুন দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
বিএনপি কার্যালয়ে হামলার অভিযোগ
বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রুহুলের নেতৃত্বে একটি দল বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার বিএনপির কয়েকজন সমর্থকের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার পর নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীরা বসে আড্ডা দিচ্ছিলেন এবং মুড়ি চানাচুর খাচ্ছিলেন।
এ সময় রুহুলের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে বিএনপি কার্যালয়ের দিকে আসেন বলে দাবি করেন তারা। পরে তারা কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান এবং সেখানে থাকা কয়েকজন বিএনপি সমর্থককে মারধর করেন।
এ ঘটনায় ৫ থেকে ৬ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নাশকতার মামলায় জামিনের পর হামলার অভিযোগ
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, কয়েক দিন আগে আওয়ামী লীগের সমর্থকরা এলাকায় একটি মিছিল বের করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে ইবি থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতা মো. রুহুলসহ বেশ কয়েকজনকে আসামি করা হয় বলে দাবি বিএনপি নেতাকর্মীদের।
তাদের অভিযোগ, মঙ্গলবার আদালত থেকে জামিন নিয়ে রুহুলসহ কয়েকজন এলাকায় ফেরেন। এরপর আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকরা মিষ্টি বিতরণ করেন এবং পরে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান। তবে হামলার এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পাল্টা হামলা ও গোডাউনে আগুন
বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় বলে জানা গেছে। পরে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রুহুলের বাড়িতে ভাঙচুর চালান বলে অভিযোগ পাওয়া গেছে। একই সময় তার পাটের গোডাউনে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশের বক্তব্য
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ বলেন, “ঘটনাস্থলে ইবি থানা পুলিশ উপস্থিত রয়েছে। আমিও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119