চার উপজেলার ১২০ সাংবাদিকের অংশগ্রহণ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ
হামিদুল ইসলাম
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্যের সত্যতা যাচাই এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে কুমিল্লার লাকসামে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
শনিবার (১০ অক্টোবর) লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে লাকসাম পৌর অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অভিজ্ঞ সাংবাদিক ও শিক্ষাবিদেরা সংবাদ সংগ্রহ, প্রতিবেদন লেখার কৌশল, তথ্য যাচাই, ফিচার রাইটিং, সাংবাদিকতার নীতিমালা এবং আধুনিক গণমাধ্যমের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশন টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা কামাল, তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সির বাংলাদেশ সংবাদদাতা ও ফিচার রাইটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুতাসিম বিল্লাহ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল। লাকসাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন লাকসাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুছ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক গোলাম মাহবুব ছোবহানী রুবেল।
সংবাদে বস্তুনিষ্ঠতা ও তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব
প্রশিক্ষণ সেশনে সংবাদ সংগ্রহ থেকে শুরু করে প্রতিবেদন তৈরি ও প্রকাশ পর্যন্ত সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সংবাদ পরিবেশনের আগে তথ্যের সত্যতা যাচাই, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ, নিরপেক্ষতা বজায় রাখা এবং পেশাগত নৈতিকতা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন প্রশিক্ষকেরা।
তাঁরা বলেন, একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের জন্য তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা এবং সাংবাদিকের পেশাগত সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা উচিত নয়। ভুল বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশিত হলে পাঠক ও দর্শকের আস্থা ক্ষুণ্ন হতে পারে।
এ ছাড়া ফিচার রাইটিংয়ের কৌশল, সংবাদ লেখার ভাষা ও উপস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবর্তনশীল গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। সময়োপযোগী সাংবাদিকতা চর্চার মাধ্যমে পাঠক ও দর্শকের কাছে নির্ভরযোগ্য ও মানসম্মত সংবাদ পৌঁছে দেওয়ার জন্য অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
অংশগ্রহণকারীদের উপহার ও সনদপত্র প্রদান
কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের উৎসাহিত করতে তাঁদের মধ্যে অফিসিয়াল ব্যাগ, প্যাড ও কলম উপহার হিসেবে দেওয়া হয়। প্রশিক্ষণ কার্যক্রম শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে চার উপজেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- আরও পড়ুন
- মাদক ব্যবসায়ী নুরা ও মাসুদের আতঙ্কে, নিরাপত্তাহীনতায় ভুগছেন ফটো সাংবাদিক আমজাদ পরিবার

- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হলে ফিরে পাবেন যেভাবে

- ইমানের ২০তম শাখা: পবিত্রতা ও পরিচ্ছন্নতা

- ম্যানহোল যেন নীরব মরণফাঁদ, ঝুঁকিতে নগরবাসীর জীবন

- পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

- কুমিল্লার সাইফ উদ্দিন রতনের সাফল্যের মুকুটে নতুন পালক, লিংকন’স ইন থেকে ‘কল টু দ্য বার’

লাকসাম প্রেস ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি অনুষ্ঠানে লাকসাম প্রেস ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সংগঠনের কার্যক্রম, সংবাদ ও বিভিন্ন তথ্য অনলাইনে উপস্থাপনের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। ডিজিটাল যুগে গণমাধ্যমের কার্যক্রমকে আরও গতিশীল ও তথ্যপ্রযুক্তিনির্ভর করার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাংবাদিকতা মানুষের প্রতি দায়বদ্ধতার পেশা: বদিউল আলম সুজন
কর্মশালার সমাপনী বক্তব্যে লাকসাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতা ও সমাজের কাছে সত্য তুলে ধরার অঙ্গীকার।” তিনি বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাই এবং নৈতিকতার চর্চার মাধ্যমে সাংবাদিকদের জনগণের আস্থা অর্জন করতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতার জন্য সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রাখা অপরিহার্য।
চার উপজেলার সাংবাদিকদের একত্র করে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে সাংবাদিকেরা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও এগিয়ে যাবেন—এটাই তাঁদের প্রত্যাশা। কর্মশালার আয়োজন সফল করতে অংশগ্রহণকারী সাংবাদিক, প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উৎকর্ষ সাধনে ভবিষ্যতেও লাকসাম প্রেস ক্লাবের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংশ্লিষ্টদের মতে, সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সংবাদমাধ্যমের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজনের মাধ্যমে সাংবাদিকেরা তাঁদের জ্ঞান ও দক্ষতা সমৃদ্ধ করে পাঠক-দর্শকের কাছে আরও দায়িত্বশীল, নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পৌঁছে দিতে সক্ষম হবেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119