নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি দল হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তাঁর মতে, সরকার গঠনের পর এ ব্যর্থতা আরও বেড়েছে। রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে অবিশ্বাস ও দূরত্ব তৈরি করে বিএনপি নিজেদের জন্য আত্মঘাতী পরিস্থিতি সৃষ্টি করেছে। তবে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যে যে ফাটল তৈরি হয়েছে, তা মেরামতের প্রধান দায়িত্ব সরকারের।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের আগে দীর্ঘ ১৫ থেকে ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে ঐক্য ও সংহতি গড়ে উঠেছিল, তা রক্ষার বিষয়ে তাঁরা শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছেন। অন্তর্বর্তী সরকারের আমল থেকে শুরু করে নির্বাচনের আগেও বিভিন্ন রাজনৈতিক ফোরামে এ বিষয়ে কথা বলেছেন। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি দল হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং সরকার গঠনের পর সেই ব্যর্থতা আরও প্রকট হয়েছে।
তিনি অভিযোগ করেন, বিএনপি রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে অবিশ্বাসের পরিবেশ তৈরি করেছে। কথায় কথায় মিত্রদের আক্রমণ করে দলটি নিজেদের জন্যই আত্মঘাতী পরিস্থিতির সৃষ্টি করেছে।
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বানকে স্বাগত জানিয়ে মামুনুল হক বলেন, এই আহ্বান অনেক বিলম্বে এলেও তাঁরা একে ইতিবাচকভাবে দেখছেন। তবে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনগণ যে বিপুল সমর্থন দিয়েছে, সেই গণরায়কে সম্মান জানাতে হবে। একই সঙ্গে নিজেদের অতীত রাজনৈতিক ভূমিকা পর্যালোচনা করা প্রয়োজন।
তিনি বলেন, গণভোটের আগে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালিয়েছেন। তাঁদের এ ভূমিকার কারণে ‘হ্যাঁ’-এর পক্ষে জনসমর্থন আরও বিস্তৃত হয়েছে। অথচ কিছু ইসলামী রাজনৈতিক সংগঠন যথাযথ বিশ্লেষণ ছাড়াই বিএনপির অবস্থানের সঙ্গে সুর মিলিয়েছে। এটি তাদের জন্য চরম আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত ছিল।
জুলাই বিপ্লবের অর্জন ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে যে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট হলে সেই সম্ভাবনার অপমৃত্যু ঘটবে। তাই ঐক্যের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। জুলাই সনদের যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
সরকার ও বিএনপির প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে মামুনুল হক বলেন, বাংলাদেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষার সংগ্রামে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার ও বিএনপি ভুল পথে পরিচালিত হলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একচুল পরিমাণও পিছপা হবেন না। সরকার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষ কারও হাতে দেশের ভাগ্য ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবে না। প্রয়োজনে আবার নতুন জুলাই আসবে, আবারও নতুন সংগ্রাম হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, সংগঠনটি তার আদর্শ ও লক্ষ্য নিয়ে কখনো দ্বিধান্বিত ছিল না। ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক যে আদর্শিক ভিত্তির ওপর সংগঠনটির যাত্রা শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতায় কোরআন-সুন্নাহর নির্দেশনা এবং পূর্বসূরি আকাবিরদের পদাঙ্ক অনুসরণ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তাঁরা কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ উত্তরণপর্ব অতিক্রম করছে। দীর্ঘদিন ধরে প্রান্তিক অবস্থানে থাকা কওমি ধারার রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে দক্ষতা, ভারসাম্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে।
- আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে স্বাগত, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক

- শুভ শুভ শুভো দিন তারেক রহমানের জন্ম দিন

- শিবচরে প্রধান আলোচনা এখন বিএনপি নেতা সাবেক আহবায়ক কামাল জামান নূরু উদ্দিন মোল্লা

- নড়াইলে বিএনপির দুই নেতার মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম

- ১০ দিনে সারাদেশে ৪৯ যানবাহনে অগ্নিসংযোগ, ৫৯ ককটেল বিস্ফোরণ

- বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে আলোচনায় একাধিক প্রার্থী

বন্ধুপ্রতিম ইসলামী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, নীতির প্রশ্নে অটল থাকতে হবে, তবে বক্তব্য ও আচরণে নম্রতা বজায় রাখতে হবে। অন্য সংগঠনগুলোর প্রতি কটু ভাষা প্রয়োগ না করে ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। ইসলামী অঙ্গনের বিচ্ছিন্ন শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর ইসলামী শক্তির উত্থানে বাংলাদেশ খেলাফত মজলিসকে ভূমিকা রাখতে হবে।
বিএনপির রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে বিএনপি ও সরকারের গুরুত্বপূর্ণ পদে এমন ব্যক্তিরা থাকতে পারেন, যারা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শবিরোধী। তাঁরা দল ও সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করতে পারেন। তাই বিএনপিকে নিজেদের আদর্শিক অবস্থান পর্যালোচনা করতে হবে।
তিনি আরও বলেন, জুলাইয়ের অর্জনকে বাংলাদেশ খেলাফত মজলিস নিজেদের লড়াই ও সংগ্রামের ফসল মনে করে। এ অর্জনকে পূর্ণতা দিতে সংগঠনটি শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।
সম্মেলনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সল আহমাদ, মাওলানা এনামুল হক মুসা, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সহপ্রশিক্ষণ সম্পাদক মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ ও মুহাম্মাদ কামাল উদ্দীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119