নাশকতার ঘটনায় ৩৩ মামলা, গ্রেফতার ৬০ জন; প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ১০ দিনে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ৭ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এসব নাশকতার ঘটনায় মোট ৩৩টি মামলা দায়ের করেছে পুলিশ। পাশাপাশি ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, নাশকতা প্রতিরোধে সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি পর্যবেক্ষণ, সাইবার মনিটরিং এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতাও নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, প্রতিটি নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু ঘটনা ঘটার পর ব্যবস্থা গ্রহণ নয়, বরং নাশকতা প্রতিরোধে আগাম তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, রাজধানীতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে মশাল, ককটেল ও লাঠিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির এক সদস্যসহ ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119