ফাহিম আহমেদ (বাবুগঞ্জ)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের উপজেলা পরিষদ সংলগ্ন খানপুরা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার, সাধারণ সম্পাদক রাজন শিকদার এবং বাবুগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিন্টু ব্যাপারী। এছাড়াও উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হুমায়ূন তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি বিএনপির রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বার্তা তুলে ধরেন তারা।
এ সময় স্থানীয় সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই বিএনপির গণসংযোগ কর্মসূচিতে আগ্রহের সঙ্গে অংশ নেন এবং প্রার্থীর প্রতি সমর্থন জানান।
নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। আসন্ন নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119