“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

আদাবর থেকে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জাহাঙ্গীর আলম গ্রেফতার

রাতের বিশেষ অভিযানে আটক; অভিযোগের বিস্তারিত জানায়নি পুলিশ

মোঃ ইব্রাহিম হোসেন

রাজধানীর আদাবর এলাকা থেকে বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (আট মার্চ) রাত পৌনে দশটার দিকে আদাবর থানার একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর তাকে আদাবর থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতের দিকে আদাবর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে কৃষক লীগের এই শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের সময় তিনি কোথায় অবস্থান করছিলেন বা তার সঙ্গে আর কেউ ছিল কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান। তিনি জানান, রাতের বিশেষ অভিযানে শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। তবে ঠিক কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজনীতির পাশাপাশি ক্রীড়া অঙ্গনেও সুপরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আবাহনী লিমিটেডের সাবেক পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। ক্রীড়া সংগঠন ও ব্যবসায়ী মহলে তার একটি সক্রিয় ভূমিকা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

এদিকে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ক্রীড়াবিদ ও ব্যবসায়ী মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তাকে একজন সজ্জন, সামাজিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে উল্লেখ করে দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট মহলের দাবি, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তবে তা স্বচ্ছভাবে প্রকাশ করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা উচিত। একই সঙ্গে তারা অবিলম্বে শেখ জাহাঙ্গীর আলমের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *