“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

নোয়াখালীর পশ্চিম খালিশপুরে সাড়ে আটশত মিটার রাস্তার বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

জুনায়েদ কামাল

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫ নম্বর ছয়ানী ইউনিয়নের পশ্চিম খালিশপুর এলাকায় প্রায় সাড়ে আটশত মিটার রাস্তার বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন কাদামাটি, গর্ত ও ভাঙাচোরায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন অংশ পানিতে ডুবে যায়, ফলে চলাচল করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।

পশ্চিম খালিশপুর হোস্তারগোড়া থেকে একটু পশ্চিমে নোয়া বাড়ি থেকে সিংহের বাড়ির উত্তর মাথা পর্যন্ত বিস্তৃত এই রাস্তা দিয়ে প্রতিদিন কৃষক, শ্রমিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে প্রতিদিনই তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও আবার কাদা ও পানিতে রাস্তা প্রায় তলিয়ে গেছে। এতে করে পথচারীদের পাশাপাশি মোটরসাইকেল ও অটোরিকশা চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

স্থানীয় বাসিন্দা আবু তাহের বলেন, “বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে হাঁটা যায় না। পুরো রাস্তা কাদা ও পানিতে ভরে যায়। তখন ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠানোও কঠিন হয়ে পড়ে। আমরা নিজেদের টাকায় মাটি ও ইটের খোয়া ফেলে কোনো রকমে চলাচলের ব্যবস্থা করছি।”

আরেক বাসিন্দা মোহাম্মদ সাইফ জানান, বন্যার সময় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তিনি বলেন, “বন্যা শুরু হলেই রাস্তা পানির নিচে চলে যায়। তখন অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের জন্য দূরের সরকারি বিদ্যালয়ে যেতে বাধ্য হয়।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এলাকাবাসী প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন।

এলাকাবাসী দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার ও পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে বহুদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *