“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

সিদ্ধিরগঞ্জে হোটেলে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার, তিতাসের অভিযানে সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি হোটেলে সিলিন্ডারের আড়ালে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার অভিযোগে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। তিতাস সূত্রে জানা যায়, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানাধীন এসিআই পানির কল এলাকায় বিভিন্ন বাসাবাড়ি, কলকারখানা ও হোটেলে তল্লাশি চালানো হয়। অভিযানের একপর্যায়ে স্থানীয় একটি হোটেলে সিলিন্ডার ব্যবহারের আড়ালে অবৈধভাবে গ্যাস লাইনের লাইজার থেকে সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে গ্যাস ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় হাতেনাতে ধরা পড়েন হোটেলের মালিক মোতালিব মিয়ার ছেলে মাসুদ মিয়া। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করে হোটেল পরিচালনা করে আসছিলেন। অভিযানের সময় তিতাসের কর্মকর্তারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেন। স্থানীয় বাসিন্দারা জানান, মাসুদ মিয়া কয়েক বছর আগে এসিআই কোম্পানির ক্যান্টিনে কর্মরত ছিলেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

পরবর্তীতে তিনি সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকায় একটি হোটেল চালু করেন। অভিযোগ রয়েছে, সিলিন্ডার ব্যবহারের আড়ালে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে তিনি হোটেল পরিচালনা করতেন এবং বিভিন্ন গার্মেন্টস ও কারখানায় খাবারের সরবরাহ দিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন।

তিতাস গ্যাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগ থাকলেও এবার তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযান শেষে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে মামলা দায়ের করা হবে। তারা আরও বলেন, অবৈধ গ্যাস ব্যবহার রোধে জনসচেতনতা ও স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ অবৈধ গ্যাস সংযোগের তথ্য জানলে তা প্রশাসনকে জানানোর জন্য আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *