“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

পানির কূপ নিয়ে বিরোধে চাদে সংঘর্ষে নিহত ৪২

আর্ন্তজাতিক ডেস্ক

চাদের পূর্বাঞ্চলে পানির একটি কূপের মালিকানা নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যকার বিরোধ থেকে সৃষ্ট সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ওয়াদি ফিরা প্রদেশে এই সংঘর্ষের সূত্রপাত দুটি পরিবারের মধ্যে বিবাদের জেরে। পরবর্তীতে তা গোষ্ঠীগত সহিংসতায় রূপ নেয় এবং হামলার মধ্য দিয়ে তা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বেশ কিছু গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। চাদের কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী লিমান মাহামাতের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মধ্য আফ্রিকার দেশটিতে সাম্প্রদায়িক দাঙ্গা বেশ সাধারণ ঘটনা।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

এখানে কৃষক ও পশুপালকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এবং জাতিগত উত্তেজনা প্রায়ই সহিংসতায় রূপ নেয়। মূলত পানি ও চারণভূমির দখল নিয়ে এই প্রতিযোগিতার সৃষ্টি হয়। সাম্প্রতিক মাসগুলোতে প্রতিবেশী সুদানের গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের আগমন উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। গত রোববার উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, সুদানের সংঘাত যেন সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীলতা তৈরি না করে, সেজন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে চাদে সাম্প্রদায়িক সংঘর্ষে শত শত মানুষের মৃত্যু হয়েছে। গত নভেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিবিবেতে একটি পানির কূপ নিয়ে বিরোধের জেরে ৩৩ জন নিহত হয়েছিলেন।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১০০টি সংঘর্ষের ঘটনায় ১ হাজার মানুষ নিহত এবং ২ হাজার মানুষ আহত হয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে পশুপালক ও কৃষকদের মধ্যে সাতটি বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে ৯৮ জন প্রাণ হারিয়েছেন। মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য বিষয়ের কারণে এই সংঘর্ষগুলো ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *