

বিনোদন ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। প্রায় দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা জটিলতা ও পরিকল্পনার কারণে এতদিন আটকে ছিল ছবিটির মুক্তি। অবশেষে নির্মাতা রাশেদ রাহা জানিয়েছেন, আগামী মে মাসেই পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো টালিউডে অভিনয় করেন বুবলী, যা তার ক্যারিয়ারে নতুন একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৪ সালে শুটিং সম্পন্ন হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি ঘিরে কৌতূহল তৈরি হয়। তবে বিভিন্ন প্রশাসনিক ও সময়সূচিগত কারণে মুক্তি পিছিয়ে যায় বারবার।
নির্মাতা রাশেদ রাহা জানান, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই ছবিটি মুক্তির পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গে মুক্তির পরপরই বাংলাদেশে ছবিটি মুক্তির প্রক্রিয়াও শুরু হবে বলে জানান তিনি। থ্রিলারধর্মী গল্পে নির্মিত ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমায় বুবলীর পাশাপাশি অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা সৌরভ দাস। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।

ছবিতে বুবলী অভিনয় করেছেন ‘শ্বেতা’ চরিত্রে, যিনি একজন চলচ্চিত্র নির্মাতা। কৌশিক গাঙ্গুলিকে দেখা যাবে ‘অঞ্জন’ চরিত্রে এবং সৌরভ দাস অভিনয় করেছেন ‘ডিকে’ চরিত্রে। ভিন্ন জীবনধারার তিন মানুষের গল্প এক পর্যায়ে গিয়ে মিলিত হয় পাহাড়ি এক জনপদে, যেখানে ঘটতে থাকে একের পর এক রহস্যময় ঘটনা। সেখান থেকেই গল্পে আসে নাটকীয় মোড়। এদিকে দেশে আগামী ৮ মে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত আরেক সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। ছবিটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালাম।
তবে ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমার প্রচারণায় বুবলীর অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের শুরু থেকেই গুঞ্জন রয়েছে, তিনি নাকি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি এই অভিনেত্রী। সব মিলিয়ে, একদিকে নতুন সিনেমার মুক্তি, অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা—সবকিছু মিলিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শবনম বুবলী।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119