বিনোদন প্রতিবেদক
মহান মে দিবস উপলক্ষে দর্শকদের সামনে আসছে বক্তব্যধর্মী নতুন চলচ্চিত্র ‘মানুষটিকে দেখ (See the Person)’। সমাজে সচেতনতা তৈরির বার্তা নিয়ে নির্মিত এ ছবিটি আগামী শুক্রবার রাজধানীর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন গাজী রাকায়েত এবং প্রযোজনা করেছেন হুমায়ূন ফরিদ। ছবিটি নির্মিত হয়েছে Centre for the Rehabilitation of the Paralysed (সিআরপি)-এর অর্থায়নে, যা বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন ও অধিকার নিয়ে কাজ করে। প্রযোজক হুমায়ূন ফরিদ জানান, রাজধানীর জনপ্রিয় প্রেক্ষাগৃহ Blockbuster Cinemas-এ প্রথমে ছবিটি মুক্তি পাবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য হলগুলোতেও মুক্তির পরিকল্পনা রয়েছে।

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে নির্মিত ‘মানুষটিকে দেখ’ চলচ্চিত্রের মূল উপজীব্য সেরিব্রাল পালসি নিয়ে সমাজের প্রচলিত কুসংস্কার ও অবহেলা। কেন্দ্রীয় চরিত্র ফরিদা আহমেদ—একজন শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মানসিকভাবে দৃঢ়চেতা নারী, যিনি প্রতিনিয়ত লড়াই করে নিজের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেন। তার সংগ্রামের গল্পই চলচ্চিত্রটির মূল উপজীব্য।
এই যাত্রায় ফরিদার পাশে দাঁড়ায় ফিরোজ মালমুদ নামের এক তরুণ, যার সঙ্গে তার মানবিক সম্পর্ক গড়ে ওঠে। তবে সেই সম্পর্ক সহজ নয়—পারিবারিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতা তাদের পথকে কঠিন করে তোলে। বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তাদের সম্পর্ক ও সংগ্রাম গল্পে নিয়ে আসে একাধিক নাটকীয় মোড়। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাশনা শারমিন কেমি, তাহমিদ আরেফিন হক, তারিক আনাম খান, মামুনুর রশীদ, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, মিলি বাশারসহ আরও অনেকে। এছাড়া নির্মাতা গাজী রাকায়েত নিজেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
চিত্রনাট্য লিখেছেন ইংরেজ লেখক ও নির্মাতা এলসপেথ ওয়েলডি। শিল্প নির্দেশনায় রয়েছেন উত্তম গুহ, সিনেমাটোগ্রাফি করেছেন শেখ রাজিবুল ইসলাম এবং আবহসংগীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। সম্পাদনা করেছেন প্রিন্স সজল এবং কালার গ্রেডিং করেছেন সৌরভ দাস।
চলচ্চিত্রটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে গাজী রাকায়েত বলেন, এটি তার তৃতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত ‘মৃত্তিকা মায়া’ এবং ‘গোর—দ্য গ্রেভ’ দর্শকপ্রিয়তা অর্জনের পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। নতুন এই ছবিটিও দর্শকদের মনে দাগ কাটবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, ‘মানুষটিকে দেখ’ চলচ্চিত্রটির ট্রেইলার ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। গত বছরের ডিসেম্বরে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পাওয়ার পর থেকেই এর মুক্তির অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে মে দিবসেই।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119