বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী ও জনপ্রিয় নৃত্যশিল্পী Nora Fatehi এবার প্রকাশ্যে ক্ষমা চেয়ে আলোচিত বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেছেন। ‘সরকে চুনর তেরী সরকে’ গানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা সমালোচনা ও আইনি জটিলতার মধ্যেই ভারতের জাতীয় নারী কমিশনের সামনে হাজির হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।


ভারতের দিল্লিতে কমিশনে হাজিরা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নোরা বলেন, “কাউকে আঘাত দেওয়া কখনোই আমার উদ্দেশ্য ছিল না। একজন শিল্পী হিসেবে আমি দর্শকদের সম্মান করি। যদি এই গান কারও অনুভূতিতে আঘাত দিয়ে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, এই ঘটনার পর তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে আত্মসমালোচনা করেছেন এবং ভবিষ্যতে আরও সচেতনভাবে কাজ করবেন। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অনাথ ও সুবিধাবঞ্চিত মেয়েদের শিক্ষার দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছেন এই অভিনেত্রী। নোরার ভাষ্য অনুযায়ী, তিনি কয়েকজন অনাথ শিশুর পড়াশোনার সম্পূর্ণ ব্যয় বহন করবেন।
মূলত KD: The Devil সিনেমার ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকেই অভিযোগ করেন, গানের কথা, উপস্থাপনা ও নাচের ভঙ্গি ভারতীয় সংস্কৃতি ও নারীর মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। বিভিন্ন সংগঠন ও সামাজিক মহল থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলে বিষয়টি আদালত ও জাতীয় নারী কমিশন পর্যন্ত গড়ায়।
বিতর্কের জেরে গানটি সাময়িকভাবে নিষিদ্ধও করা হয়। এ ঘটনায় গানটিতে অভিনয় করা বলিউড অভিনেতা Sanjay Dutt-কেও তলব করে জাতীয় নারী কমিশন। গত ২৭ এপ্রিল কমিশনের সামনে হাজিরা দেন তিনি। সে সময় তার আইনজীবী হেমন্ত শাহ দাবি করেন, গানটির ভাষা ও অর্থ সম্পর্কে সঞ্জয় দত্ত পুরোপুরি অবগত ছিলেন না। শুধুমাত্র পেশাগত দায়িত্বের অংশ হিসেবেই তিনি সেখানে অংশ নিয়েছিলেন।
নোরা ও সঞ্জয়—দুই তারকার পক্ষ থেকেই দুঃখ প্রকাশ ও ব্যাখ্যা দেওয়ার পর আলোচিত এই বিতর্ক কিছুটা প্রশমিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা এখনো থামেনি। অনেকেই শিল্পীসত্তার স্বাধীনতার পক্ষে মত দিচ্ছেন, আবার অনেকে মনে করছেন জনপ্রিয় শিল্পীদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119