কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে শহর-সংলগ্ন হরিপুর সংযোগ সেতুর নিচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অপূর্ব ইফতি তাইফ (১৮) ও সাকিবুল ইসলাম (১৯)। তারা দুজনই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। নিহত অপূর্ব ইফতি তাইফ কুষ্টিয়া শহরের হাটশ হরিপুর এলাকার মাহাবুল ইসলামের ছেলে। তিনি দি কুষ্টিয়া ওল্ড হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন। অন্যদিকে সাকিবুল ইসলাম শহরের থানাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে ঢাকা২৪নিউজকে জানায়, বুধবার দুপুরে পরীক্ষা শেষে দুই বন্ধু গড়াই নদীতে গোসলে নামে। হরিপুর সংযোগ সেতুর নিচের অংশে নদীর পানির গভীরতা বেশি থাকলেও তারা সেখানে নামেন। কিছুক্ষণ পরেও তাদের নদী থেকে উঠে না আসতে দেখে আশপাশের মানুষের সন্দেহ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন নদীতে নেমে দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হন। পরে দ্রুত তাদের কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার ইকবাল হাসান জানান, বিকেল ৪টার দিকে দুই তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে রওনা হয়। কিন্তু তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুই এসএসসি পরীক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119