“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান সরাসরি মাঠপর্যায়ের প্রশিক্ষণ এলাকায় গিয়ে সেনাসদস্যদের সঙ্গে সময় কাটিয়ে তাঁদের কার্যক্রম পর্যবেক্ষণ করলেন।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর ইউনিটের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রশিক্ষণ মাঠের বিস্তীর্ণ এলাকা হেঁটে ঘুরে দেখেন এবং চলমান মহড়ার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

  • আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে তিনি প্রশিক্ষণ কার্যক্রম, কৌশলগত প্রস্তুতি এবং অপারেশনাল সক্ষমতা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনাও গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ মহড়া সরাসরি প্রত্যক্ষ করেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল প্রয়োগ, আধুনিক সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণের নানা দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি একটি সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাঁদের প্রস্তুতি ও দক্ষতা সম্পর্কে খোঁজখবর নেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাঁদের দায়িত্ব পালনে উৎসাহ দেন।

একপর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাঁদের সঙ্গে চা পান করেন। সরকারপ্রধানকে কাছে পেয়ে সেনাসদস্যদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয় এবং তারা এই বিরল অভিজ্ঞতায় আনন্দ প্রকাশ করেন।

পরবর্তীতে সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা ও বিশ্বাস রাখে। জাতীয় সংকট, দুর্যোগ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় অবদানের প্রশংসা করে তিনি বলেন, “পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখাই আমাদের প্রধান শক্তি।” তিনি সেনাবাহিনীর সদস্যদের আরও দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ধরে রাখার আহ্বান জানান।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *