“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

বাগেরহাটে সংরক্ষিত মহিলা আসনে অ্যাডভোকেট ফারহানা জাহান নিপাকে এমপি করার দাবি জোরালো

আকরাম হোসেন
জেলা প্রতিনিধি, বাগেরহাট:

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ–শরণখোলা (সংসদীয় আসন–৪) এলাকায় সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে অ্যাডভোকেট ফারহানা জাহান নিপাকে মনোনয়ন দেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে আলোচনা ও প্রত্যাশা বাড়ছে।

অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা মরহুম বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদারের জ্যেষ্ঠ কন্যা। শামসুল আলম তালুকদার ছিলেন বাগেরহাট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ফারহানা জাহান নিপা ছোটবেলা থেকেই দলীয় আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হন। জানা যায়, মাত্র ১৪ বছর বয়সে বাবার হাত ধরে তিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ শুরু করেন।

বর্তমানে তিনি বাগেরহাট জেলা বিএনপির একজন সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক উদ্যোগ গ্রহণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে তার সক্রিয় ভূমিকা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মানববন্ধন, গণসংযোগ ও সামাজিক কার্যক্রমে তাকে নিয়মিত দেখা যায়।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে এবং তৃণমূলের কণ্ঠস্বর জাতীয় সংসদে তুলে ধরতে ফারহানা জাহান নিপা একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। তাদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে সাম্প্রতিক জুলাইয়ের গণঅভ্যুত্থানে তার সক্রিয় ও সাহসী ভূমিকার কথা উল্লেখ করে নেতাকর্মীরা বলেন, আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দলীয় কর্মীদের সাহস জুগিয়েছেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষ মনে করেন, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য—সব মিলিয়ে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে তিনি এলাকার প্রতিনিধিত্ব করার সক্ষমতা রাখেন।

এলাকাবাসীর একজন বলেন, “দক্ষিণ বাংলার মাটি ও মানুষের নেত্রী হিসেবে আমরা তাকে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে দেখতে চাই। তিনি নির্বাচিত হলে মোড়েলগঞ্জ–শরণখোলার উন্নয়ন, নারী নেতৃত্বের বিকাশ এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”

এ বিষয়ে এখনো দলীয় উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না এলেও তৃণমূলের প্রত্যাশা—সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে অ্যাডভোকেট ফারহানা জাহান নিপার রাজনৈতিক অবদান, সাংগঠনিক সক্রিয়তা এবং জনসম্পৃক্ততাকে যথাযথ মূল্যায়ন করা হবে।

One thought on “বাগেরহাটে সংরক্ষিত মহিলা আসনে অ্যাডভোকেট ফারহানা জাহান নিপাকে এমপি করার দাবি জোরালো

  1. Pingback: hello world

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *