আন্তর্জাতিক ডেস্ক
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও এখনই সরকার গঠন করতে পারছেন না অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হওয়ায় বৃহস্পতিবার (৭ মে) মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) ১০৮টি আসনে জয় লাভ করে সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। ফলে এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি দলটি।এরই মধ্যে কংগ্রেস পাঁচটি আসনের সমর্থনের আশ্বাস দিয়েছে। এতে টিভিকের আসন সংখ্যা দাঁড়ায় ১১২-এ। তবে এখনও সংখ্যাগরিষ্ঠতার জন্য অন্তত আরও ছয়টি আসনের সমর্থন প্রয়োজন। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, নির্দলীয় সদস্য ও ছোট কয়েকটি আঞ্চলিক দলের সমর্থন নিয়েই সরকার গঠনের চেষ্টা চালাচ্ছেন বিজয়।
রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এখনো নিশ্চিত নন যে টিভিকে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পেরেছে। এজন্যই তিনি আপাতত শপথ অনুষ্ঠানের অনুমতি দেননি। সূত্র মতে, সরকার গঠনের জন্য আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে। বুধবার (৭ মে) গভর্নরের সঙ্গে বৈঠক করে সরকার গঠনের দাবি উপস্থাপন করেন বিজয়। একই সঙ্গে টিভিকের সাধারণ সম্পাদক আধভ অর্জুন আইনি দলকে সঙ্গে নিয়ে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সম্ভাব্য মিত্রদের অবস্থান নিয়ে অনিশ্চয়তার কারণে। দুটি আসনে জয়ী বিদুথালাই চিরুথাইগল কাচি (ভিসিকে) শুক্রবার পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত করেছে। অন্যদিকে বাম দল সিপিআই ও সিপিআই(এম)-ও এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি। দল দুটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় চেয়েছে। সর্বশেষ নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে পেয়েছে ৫৯টি আসন এবং এআইএডিএমকে অর্জন করেছে ৪৭টি আসন। এছাড়া পিএমকে চারটি, আইইউএমএল দুটি, সিপিআই দুটি এবং সিপিআই(এম) দুটি আসন লাভ করেছে। বিজেপি, ডিএমডিকে ও এএমএমকে পেয়েছে একটি করে আসন।
এখন নজর রয়েছে আগামী কয়েক দিনের রাজনৈতিক সমীকরণের দিকে। প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারলে খুব শিগগিরই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন থালাপতি বিজয়। তবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119