নারায়ণগঞ্জে গোলাপি মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড়
নারায়ণগঞ্জ সংবাদদাতা
আসন্ন ঈদুল আজহাকে ঘিরে দেশের বিভিন্ন পশুর খামারে চলছে কোরবানির পশু কেনাবেচার প্রস্তুতি। তবে নারায়ণগঞ্জের একটি খামারে থাকা ব্যতিক্রমধর্মী এক মহিষকে ঘিরে এখন সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। গোলাপি রঙের এলবিনো জাতের বিশালাকৃতির মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। অদ্ভুত গায়ের রং ও মাথার সামনের বিশেষ চুলের স্টাইলের কারণে মহিষটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্ম-এ গিয়ে দেখা যায়, গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন কোরবানির পশুর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই গোলাপি রঙের মহিষটি। প্রায় সাড়ে তিন বছর বয়সী মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ।

খামারের লোকজন জানান, মহিষটির মাথার সামনের অংশে বড় ও ঘন চুল রয়েছে, যা অনেকের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড়হধষফ ঞৎঁসঢ়-এর বিখ্যাত চুলের স্টাইলের সঙ্গে মিল বলে মনে হয়েছে। সেই ভাবনা থেকেই এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই মহিষটিকে এক নজর দেখতে ভিড় বাড়তে থাকে।
খামার সূত্রে জানা যায়, গত বছরের কোরবানির ঈদের প্রায় এক মাস পর রাজশাহীর একটি পশুর হাট থেকে মহিষটি সংগ্রহ করা হয়। এরপর থেকে বিশেষ যত্ন ও পুষ্টিকর খাদ্যের মাধ্যমে এটিকে লালন-পালন করা হচ্ছে। প্রতিদিন মহিষটির জন্য ১২ ধরনের খাদ্যসমৃদ্ধ ঘাস, ভুট্টা, ভুসি ও অন্যান্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যাও করা হচ্ছে।
মহিষটি দেখতে আসা দর্শনার্থী লাবিবা জাহান বলেন, “মানুষের মুখে ‘ডোনাল্ড ট্রাম্প’ নাম শুনে দেখতে এসেছি। কাছে এসে সত্যিই অবাক হয়েছি। এর চুলের স্টাইল অনেকটা ট্রাম্পের মতোই মনে হয়েছে। এমন মহিষ আগে কখনও দেখিনি।” আরেক দর্শনার্থী তাহমিনা আরবি বলেন, “মহিষটির গায়ের রং ও চুলের ধরন একেবারেই আলাদা। তাই নামের সঙ্গে মিলও খুঁজে পাওয়া যায়। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে।”
খামারের কর্মচারী মো. পারভেজ জানান, মহিষটির নাম ছড়িয়ে পড়ার পর প্রতিদিন অসংখ্য মানুষ খামারে ভিড় করছেন। অনেকেই এটি কিনতে আগ্রহ প্রকাশ করলেও আগেই ঢাকার এক ক্রেতার কাছে লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি করা হয়েছে। ঈদুল আজহার আগেই ক্রেতার কাছে মহিষটি হস্তান্তর করা হবে।

জিয়াউদ্দিন মৃধা বলেন, “এটি এলবিনো জাতের মহিষ হওয়ায় এর রং স্বাভাবিক মহিষের চেয়ে আলাদা। মাথার সামনের বড় চুল দেখে আমার ছোট ভাই মজা করে বলেছিল এটি দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতো। পরে সেখান থেকেই নামটি রাখা হয়।”
এদিকে জেলার কোরবানির পশুর বাজার ও স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলেছেন ডা. মো. আব্দুল মান্নান মিয়া। তিনি জানান, এবার নারায়ণগঞ্জে কোরবানির পশুর চাহিদার তুলনায় উদ্বৃত্ত পশু রয়েছে। স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই নিশ্চিত করতে ১৯০ জন পেশাদার ও ৩১৫ জন মৌসুমি কসাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলায় ২৫টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। এসব টিম অসুস্থ পশু শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসাসেবা প্রদানে দায়িত্ব পালন করবে।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119