“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

জিয়াউর রহমানের আদর্শে সমাজ গঠনের আহ্বান: প্রধানমন্ত্রী

অসহায় মানুষের পাশে দাঁড়াতে সচ্ছলদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মদর্শন অনুসরণ করে একটি মানবিক, আত্মনির্ভরশীল ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; সমাজের প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিকেও এগিয়ে আসতে হবে। আশপাশের অসচ্ছল ব্যক্তি ও পরিবারকে সহযোগিতা করে তাদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তুলতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং রাষ্ট্র গঠনের প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

শনিবার (৩০ মে) রাজধানীর ধোলাইখালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল, খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। একজন সচ্ছল ব্যক্তি যদি অন্তত একজন অসহায় মানুষকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেন, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। এভাবে ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্র উপকৃত হবে।” তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের মধ্যে আত্মনির্ভরশীলতা, উৎপাদনশীলতা ও কঠোর পরিশ্রমের সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তিনি দেখিয়েছেন কীভাবে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পরিকল্পিত নেতৃত্ব ও কর্মদক্ষতার মাধ্যমে এগিয়ে নেওয়া যায়।

তারেক রহমান বলেন, “জিয়াউর রহমানের আদর্শ ছিল জনগণকে সঙ্গে নিয়ে দেশ গড়া। তিনি বিশ্বাস করতেন, দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এবং নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য অবদান রাখবে।”

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

শাহাদাতবার্ষিকীর এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি সবাইকে মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই হবে শহীদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা। আমরা যদি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি, তবে একদিন একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক—আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করব এবং রাষ্ট্র গঠনের কাজে সক্রিয় ভূমিকা রাখব।” অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *