“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

৬০ দিন জামাতে নামাজ আদায়: সাইকেল ও বই উপহার পেয়ে উচ্ছ্বসিত ১৩ কিশোর-যুবক

ঝিনাইদহ সংবাদদাতা

ধর্মীয় অনুশাসনের প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে এবং মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে পুরস্কৃত হয়েছেন ১৩ জন কিশোর ও যুবক। তাদের মধ্যে তিনজনকে সাইকেল এবং ১০ জনকে বিভিন্ন ধরনের ইসলামি ও শিক্ষামূলক বই উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ মে) উপজেলার হরিন্দিয়া মাদরাসাপাড়া যুব উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পুরস্কার বিতরণ করা হয়। ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে এলাকার তরুণদের নিয়মিত মসজিদমুখী করতে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়। কর্মসূচির আওতায় অংশগ্রহণকারী যুবকদের টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার লক্ষ্য নির্ধারণ করা হয়। নির্ধারিত সময় সফলভাবে সম্পন্ন করায় ১৩ জন যুবককে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সাইকেল পেয়েছেন আলিফ, আব্দুল্লাহ ও আমির হামজা। এছাড়া বাকি ১০ জনকে ধর্মীয় ও জ্ঞানভিত্তিক বিভিন্ন বই উপহার দেওয়া হয়, যাতে তারা ভবিষ্যতেও শিক্ষা ও নৈতিকতার চর্চা অব্যাহত রাখতে উৎসাহিত হন। মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন হরিন্দিয়া মাদরাসাপাড়া যুব উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মামুন বাবু, দেলোয়ার হোসেন সাইদী, আ. মালেক, আ. মজিদ মিয়া, সোহাগ আহমেদ, হাবিবুর রহমান, সবুজ হোসেন, আবুল কালাম, হারুনসহ স্থানীয় যুব নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে মাদকাসক্তি, কিশোর গ্যাং, অপরাধ প্রবণতা ও নানা সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। তরুণদের নিয়মিত মসজিদমুখী করতে এবং ধর্মীয় চর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আয়োজকরা জানান, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেখে আরও অনেক তরুণ নামাজ, নৈতিকতা ও সুশৃঙ্খল জীবনের প্রতি আগ্রহী হবে এবং একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *