“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

শাকিবের শিক্ষা মেনেই নীরব ছিলেন বুবলী, সময়ই দিল সব প্রশ্নের উত্তর

বিনোদন ডেস্ক

দীর্ঘদিনের গুঞ্জন, জল্পনা-কল্পনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যাসন্তানের জন্মের সুখবর প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। আর সেই ঘোষণার পর নতুন করে আলোচনায় এসেছে তার একটি বহুল আলোচিত মন্তব্য—‘সব প্রশ্নের উত্তর দিতে নেই।’ যে শিক্ষা তিনি পেয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের কাছ থেকে। গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে বুবলী জানান, মহান আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে একটি কন্যাসন্তান এসেছে। যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”
পোস্টের সঙ্গে প্রকাশিত ফটোকার্ডে জানানো হয়, গত ১১ মে জন্ম নিয়েছে তাদের কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে ‘শারলিন খান’। পোস্টে সন্তানের বাবা হিসেবে শাকিব খানকেও ট্যাগ করেন বুবলী।

তবে এতসব জল্পনা ও আলোচনার মাঝেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বুবলী। সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হলেও তিনি কখনো বিষয়টি স্বীকার কিংবা অস্বীকার করেননি। এক অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে বুবলী বলেছিলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে। তবে ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলারও একটি উপযুক্ত সময় ও উপলক্ষ থাকা প্রয়োজন। তার সেই মন্তব্যই যেন শেষ পর্যন্ত সত্যে পরিণত হলো। কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের সব জল্পনার অবসান ঘটালেন তিনি।

এদিকে গুঞ্জনের সময় নীরব থাকার কারণও এক সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছিলেন বুবলী। নেতিবাচক মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব কীভাবে সামাল দেন—এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এ বিষয়ে তার সবচেয়ে বড় শিক্ষা এসেছে শাকিব খানের কাছ থেকে।
বুবলী বলেন, “শাকিব খান যেহেতু পরিবারের মানুষ, তার কারণেই চলচ্চিত্র অঙ্গনে আমার পথচলা শুরু। তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। তিনি সব সময় বলেন, সব প্রশ্নের উত্তর দিতে নেই। তোমার কাজই তোমার হয়ে কথা বলবে।”

  • আরও পড়ুন

তিনি আরও বলেন, “অনেকে হিংসা কিংবা হতাশা থেকে নানা কথা বলেন। জীবনে বাধা-বিপত্তি আসবেই। সবকিছুর জবাব দিতে গেলে নিজের কাজ করার সময়ই থাকবে না।” বুবলীর মতে, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউনির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা বেড়ে যাওয়ায় অনেকেই নেতিবাচক বিষয়কে পুঁজি করে গুজব ছড়ান। এ প্রসঙ্গে তিনি বলেন, “ইতিবাচক কিছু বললে অনেক সময় ভিউ হয় না। তাই কিছু মানুষ নেতিবাচকতা, মিথ্যা তথ্য কিংবা এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করেন। এসবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত, নইলে একসময় এগুলো বড় সমস্যায় পরিণত হয়।”

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশের পর শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন বুবলী। ভক্ত-অনুরাগী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা নবজাতক শারলিন খানের সুস্থতা, সুখী জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অভিনন্দন জানাচ্ছেন। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুবলী যেন আবারও প্রমাণ করলেন—সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিতে হয় না; কখনো কখনো সময়ই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী উত্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *