“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

শিশু রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।আজ সোমবার ১ জুন সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ২ জুন সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

আদালত সূত্রে জানা গেছে, এদিন সকাল পৌনে ৮টার দিকে দুই আসামিকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। সোহেল রানাকে আদালতের হাজতখানায় এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে নারী হাজতখানায় রাখা হয়। পরে অভিযোগ গঠন শুনানির জন্য তাদের আদালতে হাজির করা হয়।

এর আগে গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। চার্জশিটে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠান।

মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী রামিসা রাজধানীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশীর একটি কক্ষ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

মামলার তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে দুই আসামির সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামীকাল থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। আলোচিত এ মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *